সৌভিক মুখার্জী, কলকাতা: এগিয়ে আসছে আয়কর রিটার্ন জমা দেওয়ার দিনক্ষণ। তবে ঠিক তার আগে করদাতাদের জন্য বড় বার্তা দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman)। তিনি আয়কর দফতরের আধিকারিকদের নির্দেশ দিয়েছেন, সৎ করদাতাদের জন্য প্রক্রিয়া আরও সহজ করতে হবে। পাশাপাশি যারা ইচ্ছাকৃতভাবে কর ফাঁকি দেন তাদের জন্য কঠোর ব্যবস্থা নিতে হবে। এই ঘোষণা সামনে আসতেই অনেকের কপালে পড়েছে চিন্তার ভাঁজ।
বড় ঘোষণা অর্থমন্ত্রীর
অর্থমন্ত্রীর বক্তব্য, কর ব্যবস্থার মূল লক্ষ্য হওয়া উচিত সৎ করদাতাদের হয়রানি না করিয়ে তাদের প্রয়োজনীয় সহায়তা করা। যদি কোনও প্রকৃত ভুল হয়ে থাকে তাহলে তা সংশোধনের সুযোগও দিতে হবে। এমনকি একই সঙ্গে তিনি স্পষ্ট জানিয়েছেন, যারা পরিকল্পিতভাবে কর ফাঁকি দেওয়ার চেষ্টা করেন তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে হবে। তিনি আরও বলেছেন, করদাতারা শুধুমাত্র কর সংগ্রহের উৎস নন। বরং তারা দেশের উন্নয়নের ক্ষেত্রে সবচেয়ে বড় অংশীদার। তাই কর আইন প্রয়োগের সময় কর্মকর্তাদের দায়িত্বশীল আচরণ বজায় রাখা উচিত, এবং তাদের প্রয়োজনীয় সহায়তা করা উচিত।
এদিকে অর্থমন্ত্রী কর সংক্রান্ত অপ্রয়োজনীয় বিরোধ কমানো এবং কর ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করানোর জন্যও বাড়তি গুরুত্ব দিয়েছেন। তাঁর মতে, সহজ এবং নির্ভরযোগ্য কর ব্যবস্থা করে উঠলে করদাতাদের আস্থা আরও বাড়বে। এদিকে সরকারি তথ্য অনুযায়ী, চলতি আয়কর রিটার্ন দাখিল পর্বে ২১ জুলাই পর্যন্ত মোট ৩.২ কোটির বেশি আইটিআর জমা পড়েছে। যার মধ্যে প্রায় ৯৪% রিটার্ন যাচাই সম্পন্ন হয়েছে, এবং প্রায় ৬০% রিটার্ন নিষ্পত্তি করা হয়েছে। এছাড়া ১.৩ কোটির বেশি ট্যাক্স রিফান্ডের আবেদন জমা পড়েছে। যার মধ্যে ৯৬ শতাংশ আবেদন যাচাই করা হয়েছে, এবং ৪০% রিফান্ড প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
আরও পড়ুন: ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া দিলেন ওয়াংচুক, ‘ককরোচদের জয়’ বলে আখ্যা অভিজিতের
অন্যদিকে কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদের চেয়ারম্যান রবি আগারওয়াল জানিয়েছেন, করদাতাদের অভিযোগ নিষ্পত্তির ক্ষেত্রে উন্নতিও হয়েছে। তিনি বলেছেন, শুধুমাত্র অভিযোগ মেটানো নয়, বরং একই ধরনের সমস্যা যাতে বারবার না হয় সেদিকে গুরুত্ব দিচ্ছে আয়কর দফতর। এর ফলে ভবিষ্যতে করদাতাদের সমস্যা কমবে। এক্ষেত্রে বলে নাকি, বর্তমানে অধিকাংশ ব্যক্তিগত করদাতার জন্য আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ৩১ জুলাই। আর এই সময়সীমা মূলত বেতনভোগী কর্মী এবং পেনশনভোগীদের ক্ষেত্রে প্রযোজ্য। পাশাপাশি আয়কর বিভাগের তথ্য অনুযায়ী, আইটিআর-৪ শ্রেণীর কিছু করদাতাদের জন্য ৩১ আগস্ট পর্যন্ত দিনক্ষণ নির্ধারণ করা হয়েছে।










