চেন্নাইগামী ইন্ডিগোর ফ্লাইটে দাউ দাউ করে জ্বলে উঠল আগুন, চরম আতঙ্কে যাত্রীরা

Published:

Indigo Flight Fire

সৌভিক মুখার্জী, কলকাতা: পাওয়ার ব্যাংক থেকে আগুন লাগল ইন্ডিগোর ফ্লাইটে (Indigo Flight Fire)। রবিবার দিল্লি থেকে চেন্নাইগামী একটি ফ্লাইটে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। বিমানের উপরের লাগেজ রাখার তাকে দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। মুহূর্তের মধ্যেই যাত্রীদের মধ্যে লেগে যায় হুড়োহুড়ি। সূত্রের খবর, ফ্লাইটের এক যাত্রীর পাওয়ার ব্যাংক থেকেই ধরে যায় আগুন। ফ্লাইটটি হায়দ্রাবাদে জরুরি অবতরণ করলে কাটে দুশ্চিন্তা।

ইন্ডিগোর ফ্লাইটে আগুন

দুবাইয়ে ফ্লাইট হাইজ্যাকের ঘটনার পর আতঙ্ক কাজ করছে যাত্রীদের মধ্যে। সেই আবহে ঘটল এই দুর্ঘটনা। ইন্ডিগোর তরফ থেকে জানানো হয়েছে, দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগোর ফ্লাইট ৬ই ৬১১৫ এর এক যাত্রীর ইলেকট্রনিক ডিভাইস থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। পরে খোঁজ নিয়ে জানা যায় যে সেটি আসলে ছিল পাওয়ার ব্যাংক, এবং সেখান থেকেই দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। কেবিন ক্রুরা দ্রুত পদক্ষেপ নেন এবং পাইলটরা বিমানটিকে ঘুরিয়ে হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে ল্যান্ড করান।

এই অগ্নিকাণ্ডের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, বিমানের উপরের দিকের লাগেজ রাখার জায়গায় দাউ দাউ করে জ্বলছে আগুন। এমনকি যাত্রীরা নিজেদের ব্যাগ দিয়ে সেই আগুন নেভানোর চেষ্টা করছে। তবে বর্তমানে যাত্রী এবং ক্রু সদস্যসহ পাইলট, প্রত্যেকেই নিরাপদে রয়েছেন বলেই খবর।

আরও পড়ুন: সাধুর বেশে আত্মগোপন, কোচবিহারে চা খেতে গিয়ে গ্রেফতার বাংলাদেশি

ইন্ডিগোর তরফ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, “এই অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে গ্রাহকদের যে অসুবিধার সম্মুখীন হতে হয়েছে, তার জন্য আমরা দুঃখিত। আমরা এই অসুবিধা কমিয়ে আনার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা চালাচ্ছি। যাত্রীদের জন্য জলখাবারের ব্যবস্থা করা হচ্ছে এবং যাত্রীদের সময়মতো সর্বশেষ তথ্য জানানো হয়েছে। ইন্ডিগোতে আমাদের গ্রাহক এবং কর্মীদের নিরাপত্তা সবচেয়ে বড় অগ্রাধিকার।”

google button