আনিষা চৌধুরী, কলকাতা: সাধুর বেশ ধরে চায়ের দোকানে বসে বেশ আরামে চা খাচ্ছিলেন এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি। তাঁকে ওই এলাকায় কেউ কখনও দেখেননি। অপরিচিত মুখ দেখে এবং লোকটির আচার-আচরণে সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের। তাঁর পরিচয় জানতে চাওয়ার পর কথাবার্তায় একাধিক অসংগতি নজরে আসে। এরপরই পুলিশকে (Police) খবর দেন তাঁরা। কোচবিহারের (Cooch Behar) তুফানগঞ্জে সাধুর বেশে ঘোরাফেরা করা এক ব্যক্তিকে বাংলাদেশি (Bangladesh) অনুপ্রবেশকারী সন্দেহে আটক করার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
কোন উদ্দেশ্যে কোচবিহারের গা ঢাকা দিয়েছেন সেই ব্যক্তি?
ঘটনাটি তুফানগঞ্জ-২ ব্লকের ভানুকুমারী এলাকার ভোলানাথ মোড়ের। সূত্রের খবর অনুযায়ী, পঞ্চাশোর্ধ্ব ওই ব্যক্তির পরনে ছিল সাধুর পোশাক, কপালে সিঁদুরের ফোঁটা। স্থানীয় একটি চায়ের দোকানে তাঁকে বসে থাকতে দেখে প্রথমে বিশেষ গুরুত্ব দেননি এলাকাবাসী। তবে তাঁরা ভালোভাবেই বুঝতে পেরেছিলেন ওই ব্যক্তি এলাকার বাসিন্দা নন। বুঝতে পেরে তাঁর পরিচয় ও কোন জায়গা থেকে এসেছেন, তা জানতে চান স্থানীয়রা।
জিজ্ঞাসাবাদের সময় তাঁর বক্তব্যে অসংগতি ধরা পড়ে বলে দাবি বাসিন্দাদের। প্রত্যেকবার ভিন্ন ভিন্ন উত্তর দিতে থাকেন সেই ব্যক্তি। তাতেই সন্দেহ আরও বাড়ে। এরপর ওই ব্যক্তিকে আটক করে বক্সিরহাট থানায় খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে জিজ্ঞাসাবাদ করে এবং পরে থানায় নিয়ে যায়। প্রকাশিত তথ্য অনুযায়ী, তাঁর কাছে ভারতে থাকার বৈধ নথিপত্র পাওয়া যায়নি বলে জানা গিয়েছে।
এত কড়া নজরদারি থাকা সত্ত্বেও ওই ব্যক্তি কীভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছিলেন এবং কত দিন ধরে এ দেশে রয়েছেন, তা খতিয়ে দেখছে পুলিশ। সাধুর বেশে তাঁর ঘোরাফেরার পিছনে অন্য কোনও উদ্দেশ্য ছিল কি না, তা-ও তদন্তের আওতায় রয়েছে। তবে এই বিষয়ে তদন্তের চূড়ান্ত ফলাফল এখনও প্রকাশ্যে আসেনি।
আরও পড়ুন: দুর্গাপুজোয় দিঘাকে ঘিরে বিরাট উদ্যোগ সরকারের, চলছে আয়োজন
স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে ভারতের নিরাপত্তা ব্যবস্থা। পাশাপাশি ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কৌতূহল তৈরি হয়েছে। ব্যক্তির পরিচয়, ভারতে প্রবেশের উদ্দেশ্য এবং তাঁর গতিবিধি সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করছেন তদন্তকারীরা।










