দুর্গাপুজোয় দিঘাকে ঘিরে বিরাট উদ্যোগ সরকারের, চলছে আয়োজন

Published:

digha puja

আনিষা চৌধুরী, কলকাতা: দুর্গাপুজোর (Durga Puja) ছুটিতে সমুদ্রের টানে দুটো দিন নিরিবিলিতে কাটিয়ে আসতে বহু মানুষ দিঘায় (Digha) বেড়াতে যাওয়ার পরিকল্পনা করেন। এবার সেই ভ্রমণের আনন্দ আরও বাড়াতে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করছে রাজ্য সরকার (Government of West Bengal)। পুজোর আগে সৈকত শহরকে নতুন সাজে সাজিয়ে তোলার পাশাপাশি পর্যটকদের জন্য একাধিক আকর্ষণ রাখা হচ্ছে। ১৪ ও ১৫ অক্টোবর, দু’দিন ধরে চলবে এই বিশেষ অনুষ্ঠান। এর নাম দেওয়া হয়েছে ‘মায়ের আগমনে আনন্দ দিঘা জুড়ে’।

কী কী হবে এই অনুষ্ঠানে?

পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হচ্ছে। অনুষ্ঠানের সূচনা হবে ১৪ অক্টোবর, চতুর্থীর দিন। ওই দিন মঞ্চে গান শোনাবেন জনপ্রিয় সংগীতশিল্পী শান। পরদিন, ১৫ অক্টোবর পঞ্চমীতে থাকছে অন্বেষা দত্তগুপ্তের সংগীত পরিবেশনা। পাশাপাশি, বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে উৎসবের আবহকে আরও জমজমাট করে তোলার পরিকল্পনা রয়েছে।

এই আয়োজনকে কেন্দ্র করে দিঘার পাশাপাশি আশপাশের পর্যটনকেন্দ্রগুলিতেও সাজসজ্জার প্রস্তুতি চলছে। সন্ধ্যার পর সৈকত শহরের সৌন্দর্য বাড়াতে বিভিন্ন জায়গায় আলো লাগানো হয়েছে। তাজপুর, মান্দারমণি ও শঙ্করপুরকেও আলোকসজ্জায় সাজিয়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে আতশবাজির প্রদর্শনী। ফলে পুজোর সময় সমুদ্র দর্শনের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করার সুযোগ পাবেন পর্যটকেরা।

উৎসবের প্রস্তুতি ও ব্যবস্থাপনা খতিয়ে দেখতে ইতিমধ্যেই বিভিন্ন দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক নিরঞ্জন কুমার। পুজোর সময়ে সৈকত শহরে পর্যটকদের ভিড় বাড়তে পারে বলে অনুমান প্রশাসনের। সেই কথা মাথায় রেখে নিরাপত্তা ও অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থার উপরেও জোর দেওয়া হচ্ছে। অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করতে সংশ্লিষ্ট দফতরগুলিকে একসঙ্গে মিলে যৌথভাবে কাজ করার প্রস্তুতি নিতে বলা হয়েছে।

আরও পড়ুন: উত্তরবঙ্গে তৈরি হবে আরও এক মেডিকেল কলেজ, ৯০ একর জমি দিল চা বাগান কর্তৃপক্ষ

এলাকার বিধায়ক চন্দ্রশেখর মণ্ডলের বক্তব্য, দুর্গাপুজো বাঙালির আবেগের সঙ্গে গভীরভাবে জুড়ে রয়েছে। উৎসবের সময়ে দিঘায় আসা পর্যটকদের আনন্দ দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান। সব মিলিয়ে, পুজোর আগে থেকেই দিঘাকে উৎসবমুখর করে তোলার প্রস্তুতি শুরু হয়েছে। সমুদ্রের টান ও পুজোর সাংস্কৃতিক আবহ এই দুইয়ের আকর্ষণেই এবার পর্যটকদের কাছে আরও বিশেষ হয়ে উঠতে পারে সৈকত শহর।

google button