আনিষা চৌধুরী, কলকাতা: উত্তরবঙ্গের (North Bengal) স্বাস্থ্য পরিষেবার (Health) পরিকাঠামো উন্নয়নে আলিপুরদুয়ারে (Alipurduar) মেডিক্যাল কলেজ (Medical College) তৈরির উদ্যোগ নেওয়া হয়েছিল। এবার এই উদ্যোগকে কেন্দ্র করেই মিলেছে বিরাট সাফল্য। প্রস্তাবিত মেডিক্যাল কলেজের জন্য ডাবরি চা বাগান কর্তৃপক্ষ রাজ্য সরকারকে (Government of West Bengal) ৯০ একর জমি দিয়েছে। ডাবরি চা বাগান সংলগ্ন দমনপুর এলাকার একটি জমি কলেজ তৈরির জন্য চিহ্নিত করা হয়েছে। এর ফলে জেলায় মেডিক্যাল কলেজ তৈরির পরিকল্পনা বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগিয়েছে।
কলেজ তৈরিতে বিরাট পদক্ষেপ
আলিপুরদুয়ারে মেডিক্যাল কলেজ তৈরির বিষয়টিকে ঘিরে বহুদিন ধরেই পরিকল্পনা চলছিল। চলতি বছরের জুলাই মাসে প্রস্তাবিত কলেজের জন্য সম্ভাব্য জমি চিহ্নিত করার কাজ শুরু করে জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর। সেই সময় জেলা হাসপাতালের কাছাকাছি একাধিক জমি খতিয়ে দেখার খবর সামনে আসে। এবার এই জমি নিয়ে নতুন করে আশার আলো দেখতে পাচ্ছে রাজ্য।
রাজ্য সরকারের বক্তব্য অনুযায়ী, জেলার স্বাস্থ্য পরিষেবা উন্নত করার ক্ষেত্রে এই মেডিক্যাল কলেজ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। বর্তমানে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে চিকিৎসা করানোর পরও উন্নত চিকিৎসার প্রয়োজন হলে অনেক রোগীকে শিলিগুড়িতে পাঠাতে হয়। বিশেষত বীরপাড়া ও দমনপুর এলাকায় উন্নত সরকারি হাসপাতালের অভাব দীর্ঘদিন ধরেই বোধ করছে সরকার। সেই পরিস্থিতিতে জেলায় চিকিৎসার পরিকাঠামো বাড়ানো এবং উন্নত করার প্রয়োজনীয়তা আরও স্পষ্ট হয়ে উঠেছে।
রবিবার জমিটি পরিদর্শনে যান বিজেপি বিধায়ক পরিতোষ দাস, মহকুমা শাসক রিচার্ড লেপচা এবং ডাবরি চা বাগানের ম্যানেজার চিন্ময় ধর। মেডিক্যাল কলেজের জন্য জমি দেওয়ার বিষয়টি সামনে আসায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছে। তবে কলেজ নির্মাণের কাজ কবে শুরু হবে এবং কবে থেকে সেখানে চিকিৎসা ও শিক্ষার সুযোগ চালু হবে, তা এখনও স্পষ্ট নয়।
আরও পড়ুন: পঞ্চমী থেকে সপ্তমী টানা বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে, ল্যাজেগোবরে হবে পুজো?
মেডিক্যাল কলেজ তৈরি হলে আলিপুরদুয়ারের পাশাপাশি আশপাশের এলাকার বাসিন্দারাও উন্নত স্বাস্থ্য পরিষেবা পাবেন। একইসঙ্গে এই গুরুত্বপূর্ণ শাখায় শিক্ষার পরিসর বাড়ানোর সম্ভাবনাও তৈরি হবে। বর্তমানে সাধারণ মানুষের নজর পরবর্তী প্রশাসনিক পদক্ষেপের উপর। প্রকল্পের বাস্তবায়ন নিয়ে যথেষ্ট আগ্রহী আলিপুরদুয়ার।










