আনিষা চৌধুরী, কলকাতা: দুর্গাপুজোর (Durga Puja) প্রস্তুতির মধ্যেই বৃষ্টির পূর্বাভাস। ফের নতুন করে বৃষ্টির (Rainfall) সম্ভাবনা তৈরি হয়েছে দক্ষিণবঙ্গে (South Bengal)। আলিপুর আবহাওয়া দফতরের (Allipur Abhawa Daftar) পূর্বাভাস অনুযায়ী, পুজোর প্রথম কয়েক দিন তুলনামূলক শুষ্ক থাকলেও পঞ্চমী থেকে সপ্তমী পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে আপাতত ভারী বৃষ্টির আশঙ্কা নেই বলেই জানা যাচ্ছে।
কী বলছে আবহাওয়া দফতর?
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ১৩ অক্টোবর নাগাদ একটি নিম্নচাপ তৈরি হতে পারে। বর্তমানে দক্ষিণ-পূর্ব এশিয়ার কাছে থাকা ঘূর্ণাবর্তটি ক্রমশ আন্দামান সাগরের দিকে এগোবে। পরে সেটি বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপের সম্ভাব্য অভিমুখ উত্তর তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে। ফলে পশ্চিমবঙ্গে এর সরাসরি প্রভাব পড়ার আশঙ্কা কম। তবে পূর্বালী বাতাসের মাধ্যমে উপকূলীয় অঞ্চলে জলীয় বাষ্প প্রবেশ করায় পুজোর দিনগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।
রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের আবহাওয়া মূলত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে আবহাওয়ায় পরিবর্তন দেখা দিতে পারে। ১৫ থেকে ১৭ অক্টোবর, অর্থাৎ পঞ্চমী থেকে সপ্তমী পর্যন্ত কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও দমকা হাওয়াও বইতে পারে। তবে বৃষ্টির পরিমাণ বা তীব্রতা কতটা হবে, তা আবহাওয়ার পরবর্তী পরিস্থিতির উপর নির্ভর করবে। ১৮ ও ১৯ অক্টোবরও কিছু এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও পরবর্তী সময়ে আবহাওয়া ফের শুষ্ক হওয়ার পূর্বাভাস রয়েছে।
উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী কয়েক দিন মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকতে পারে। তবে ষষ্ঠী ও সপ্তমীতে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারের কিছু জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। অন্যদিকে, কলকাতায় পুজোর আগে আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতি থাকবে। নিম্নচাপের প্রভাবে বড়সড় দুর্যোগের পূর্বাভাস এখনও নেই। তবু পুজোর দিনগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকায় মণ্ডপে ঘোরার পরিকল্পনা করার আগে আবহাওয়া দফতরের সর্বশেষ আপডেট দেখে তবেই বেরোনো ভালো।










