সহেলি মিত্র, কলকাতাঃ অগ্নিমূল্যের বাজারে স্বস্তির খবর দিল রাজ্য সরকার। বিনামূল্যে দেওয়া হবে তিনটি রান্না গ্যাস সিলিন্ডার (LPG Cylinder)। তবে এই সুবিধা পশ্চিমবঙ্গের জন্য নয়, গোয়ার জন্য। সম্প্রতি এক বিবৃতিতে গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত ঘোষণা করেছেন রাজ্য সরকার সেখানকার বাসিন্দাদের প্রতি বছর বিনামূল্যে তিনটি এলপিজি সিলিন্ডার সরবরাহ করবে।
বিনামূল্যে ৩টি গ্যাস সিলিন্ডার দেওয়ার ঘোষণা সরকারের
ঘোষণা অনুযায়ী, আগামী ৯ সেপ্টেম্বর থেকে সাধারণ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট টাকা পাঠানো হবে বলে জানা যাচ্ছে। প্রয়োজনীয় নথি জমা করা যারা আবেদন করবেন তারা এই অর্থ সাহায্য পাওয়ার দাবিদার বলে বিবেচিত হবেন। সিলিন্ডার কেনার জন্য আবেদনকারীদের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে পাঠাবে গোয়ার সরকার।
সম্প্রতি সময়ে একাধিকবার বেড়েছে রান্নার গ্যাসের দাম, চাপ বেড়েছে মধ্যবিত্তের বাজেটে। খুব শীঘ্রই দাম কমতে পারে, এমন সম্ভাবনাও নেই। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের ভরসা রাজ্য ও কেন্দ্র সরকার।
বড় দাবি মুখ্যমন্ত্রীর
গোয়ার মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রতিশ্রুতির কথা মাথায় রেখেই তাঁর সরকার ৩,০০০ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। নির্বাচনী প্রচারে প্রমোদ সাওয়ান্ত বিনামূল্যে রান্নার গ্যাস প্রদানের প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই মতোই হচ্ছে কাজ। এই প্রকল্পের জন্য আবেদনপত্র ৫ সেপ্টেম্বর থেকে পঞ্চায়েত এবং বিধায়ক কার্যালয়গুলিতে পাওয়া যাবে। আবেদনপত্র পূরণ করার পর জমা দিতে হবে আবেদনকারীদের। এরপর আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে অর্থ বিতরণের প্রক্রিয়া।
আরও পড়ুনঃ উৎসবের আগেই সুখবর, রাজ্যের ৩.৫ লক্ষ কর্মচারীর ৭০০০ করে বাড়ল বেতন
ব্যাঙ্ক পাসবুক, আধার কার্ড এবং ভোটার আইডি কার্ড, এই প্রকল্পের জন্য প্রয়োজনীয় নথি হিসেবে গণ্য করা হবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই সুবিধা শুধুমাত্র গোয়ার বাসিন্দারাই পাবেন, অন্য কোনো রাজ্যের বাসিন্দারা নন। বিভিন্ন কারণে দেশে এখন রান্নার গ্যাস বা এলপিজির দাম আকাশ ছোঁয়া। মূলত মধ্য প্রাচ্যে একাধিক দেশের মধ্যে চাপানউতোর ও যুদ্ধ পরিস্থিতির জন্য এলপিজির দাম প্রভাবিত হচ্ছে। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সরকার এলপিজির জায়গায় পিএনজি ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছে।










