সৌভিক মুখার্জী, কলকাতা: আগামী ১১ সেপ্টেম্বর সরকারি ছুটি (Holiday) ঘোষণা করল সরকার। সমস্ত সরকারি অফিসের পাশাপাশি স্কুল, কলেজ বন্ধ থাকবে এদিন। ১৮ তম ব্রিকস শীর্ষ সম্মেলন উপলক্ষেই এই ছুটির ঘোষণা করা হয়েছে। আর যেহেতু এই দিনটি শুক্রবার পড়ছে, তাই একটানা ৩ দিন ছুটির সুযোগ উপভোগ করতে পারবে অনেকেই। সরকার জানিয়েছে, এই সম্মেলন চলাকালীন নিরাপত্তা এবং প্রশাসনিক ব্যবস্থা সুষ্ঠুভাবে চালনা করার জন্যই ছুটি প্রয়োজন।
১১ সেপ্টেম্বর ছুটির ঘোষণা
বলে রাখি, ব্রিকসের এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রাজধানীতে। সেই সূত্রে দিল্লির সমস্ত সরকারি অফিস, আদালত এদিন বন্ধ থাকবে বলে জানিয়েছে রেখা গুপ্তার সরকার। দিল্লি সরকারের প্রশাসনিক বিভাগের তরফ থেকে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, লেফটেন্যান্ট গভর্নর দিল্লির জাতীয় রাজধানী অঞ্চলের সরকারি অধীনস্থ সমস্ত সরকারি দফতর, স্বায়ত্তশাসিত সংস্থা, সরকারি খাতের অফিস এবং স্কুল-কলেজ ১১ সেপ্টেম্বর ছুটি থাকবে। এই ঘোষণায় সরকারি কর্মচারী থেকে শুরু করে শিক্ষার্থীরা একদিন বাড়তি ছুটির সুবিধা উপভোগ করতে পারবে।
সরকারি আদেশে স্পষ্ট করে জানানো হয়েছে, ব্রিকসের শীর্ষ সম্মেলন এবং আয়োজনের জেরে এই ছুটি ঘোষণা করা হয়েছে। এখানে দেশের বিভিন্ন শীর্ষ নেতা এবং প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। যার কারণে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার প্রয়োজন পড়বে এবং প্রশাসনিক প্রস্তুতি উন্নত করার দিকেও বিশেষ মনোযোগ দেওয়া হবে। আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর প্রগতি ময়দানের ভারত মণ্ডপমে এই শীর্ষ সম্মেলনটি অনুষ্ঠিত হবে বলেই খবর।
Delhi LG has declared a holiday on 11th September 2026 in view of BRICS Summit pic.twitter.com/aaJKS9wWvp
— ANI (@ANI) September 3, 2026
আরও পড়ুন: ৬০ দিনের মাথায় বারুইপুর কাণ্ডে ৭০২ পাতার চার্জশিট পেশ পুলিশের, কারা মূল অভিযুক্ত?
জানিয়ে রাখা প্রয়োজন, এবছর ভারত ব্রিকসের সভাপতিত্ব করছে। ব্রিকস হল বিশ্বের প্রধান উদীয়মান অর্থনীতি এবং উন্নয়নশীল দেশগুলির একটি সংগঠন। এর আওতায় রয়েছে ব্রাজিল, রাশিয়া, ভারত, চিন এবং দক্ষিণ আফ্রিকা। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই শীর্ষ সম্মেলনে ব্রিকস সদস্য এবং অংশীদার দেশগুলির নেতাদের পাশাপাশি বিশেষভাবে আমন্ত্রিত দেশগুলির প্রতিনিধিরাও অংশগ্রহণ করবেন। এমনকি জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতরেজও উপস্থিত থাকবেন। তবে এই ছুটির ঘোষণায় খুশির হাওয়া বইছে সরকারি কর্মচারী ও স্কুল-কলেজের পড়ুয়াদের মধ্যে।










