ডিলিমিটেশন বিল পাসে ব্যর্থ কেন্দ্র, তাহলে কি POK ফেরাতে পারবে না ভারত?

Published:

India On POK

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাক অধিকৃত কাশ্মীরকে ফিরিয়ে আনার পথে ভারত (India On POK)! সম্প্রতি সংসদের বিশেষ অধিবেশনে নরেন্দ্র মোদির সরকার যে ডিলিমিটেশন বিল নিয়ে এসেছে তা একবার পাস হয়ে গেলেই ভারতের নির্বাচনী মানচিত্রে আমূল বদল আসতো। এর ফলে কিছু রাজ্যের প্রতিনিধি যেমন বেড়ে যেত, তেমনই কিছু রাজ্যের প্রতিনিধির সংখ্যা কমতো। তবে যে বিষয়টা সবচেয়ে বেশি নজরে ছিল তা হল পাক অধিকৃত কাশ্মীরের পুনরায় অন্তর্ভুক্তি। একবার যদি এই বিল কার্যকর হয়ে যেত, সে ক্ষেত্রে জম্মু ও কাশ্মীর বিধানসভায় পাক অধিকৃত কাশ্মীরের জন্য 24টি আসন সংরক্ষিত থাকত এটা নিশ্চিত। তবে দুঃখের বিষয়, গতকাল বিরোধী ঐক্যের কাছে সংসদে এই বিল পাস করতে ব্যর্থ হয়েছে কেন্দ্রীয় সরকার।

ভারতের নজরে পাক অধিকৃত কাশ্মীর!

কাশ্মীরের যে অংশ পাকিস্তান জোর করে দখল করে রেখেছে সেই অংশের মানুষ অর্থাৎ POK এর বাসিন্দারাই দীর্ঘদিন ধরে ভারতের সাথে জুড়তে চেয়ে জোরালো দাবি তুলেছেন। এ নিয়ে বেশ কয়েকবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং একেবারে খোলাখুলি জানিয়েছেন, পাক অধিকৃত কাশ্মীর আবারও ভারতের অংশ হবে। সেই পথটাকেই সহজ করে দিতে পারতো কেন্দ্রীয় সরকারের তরফে প্রস্তাবিত নতুন বিল।

সংসদে কেন্দ্র যে নতুন বিল পেশ করেছিল তাতে লোকসভার আসন সংখ্যা 543 থেকে বাড়িয়ে 850 করার কথা বলা রয়েছে। আসলে জনগণনার ভিত্তিতে যাতে জনপ্রতিনিধির সম বন্টন করা যায় তার জন্যই এই বিল পেশ করা হয়েছিল। তবে গতকাল সংসদে বিবেক অনুযায়ী ভোট দিন এর আবেদন এবং নারী সংরক্ষণের লক্ষ্যে পেশ করার বিল প্রত্যাখ্যান করে INDIA জোট। এদিন সংসদে এই বিলের পক্ষে-বিপক্ষে ভোটাভুটিতে ব্যাপক পরাজয়ের সম্মুখীন হয় NDA।

অবশ্যই পড়ুন: IPL-র মাঝেই আশঙ্কাজনক অবস্থায় ICU-তে তারকা ক্রিকেটার

বলাই বাহুল্য, সংবিধানের 131 তম সংশোধনী সম্পর্কিত নারী সংরক্ষণ বিলটি পাস করাতে প্রয়োজন ছিল 352টি ভোট। সেখানে এই বিলের পক্ষে পড়েছিল 298টি ভোট এবং বিপক্ষে 230টি ভোট পড়েছিল বিরোধীদের। ফলে বিলটি ব্যর্থ হওয়ার পরেই বিজেপির সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু মূল প্রস্তাবিত বিলটির সাথে জড়িত বাকি দুই বিলও প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা করেন। যার মধ্যে একটি ছিল ডিলিমিটেশন সংক্রান্ত বিল। সে ক্ষেত্রে বোঝাই যাচ্ছে, এই বিল পাস না হওয়ায় আইনতভাবে পাক অধিকৃত কাশ্মীরকে জম্মু-কাশ্মীর বিধানসভায় যুক্ত করতে পারছে না কেন্দ্র। তবে বিশেষজ্ঞদের দাবি, 12 বছরের মধ্যে প্রথম সংসদে বিল পাস করতে গিয়ে এমন চূড়ান্ত ব্যর্থতার সম্মুখীন হলেও আগামী দিনে নতুন বিল পাস করিয়ে পাক অধিকৃত কাশ্মীরকে ভারতে ফিরিয়ে আনার প্রচেষ্টা অব্যাহত থাকবে নরেন্দ্র মোদি সরকারের।