বিক্রম ব্যানার্জী, কলকাতা: গোটা দেশজুড়ে ক্রমবর্ধমান বৃক্ষছেদনের (Tree) কারণে পরিবেশের অবস্থা যে খুব একটা ভাল নয়, সে কথা বারবার বলেছেন পরিবেশবিদরা। আসলে সাম্প্রতিক সময়ে জনবসতির ব্যাপক চাপের কারণে কেটে ফেলা হচ্ছে একের পর এক গাছ। এমতাবস্থায়, পরিবেশকে বাঁচাতে এবং রেল লাইনের পাশে মাটির ক্ষয় রোধ করতে 81 লাখ 59 হাজার গাছ লাগানোর প্রতিজ্ঞা করেছিল ভারতীয় রেল (Indian Railways)। সেই লক্ষ্য বাস্তবায়িত করেছে রেল মন্ত্রক।
সবুজায়নের পথে বড় পদক্ষেপ ভারতীয় রেলের
পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এবং রেলের সম্পদ অর্থাৎ বিভিন্ন স্টেশন, রেললাইন সহ রেল পরিসরের সৌন্দর্য বাড়াতে বিগত দিনগুলিতে রেল যেমন বাগান এবং মিনি ফরেস্ট স্থাপনের উদ্যোগ নিয়েছে ঠিক তেমনই রেল লাইনের পাশ থেকে বৃক্ষ রোপনের ক্ষেত্রে বড় অবদান রেখেছে ভারতীয় রেল। রেলের তরফে সম্প্রতি প্রকাশিত একটি রিপোর্টে দাবি করা হয়েছে, 2025-26 আর্থিক বছরে গোটা দেশজুড়ে রেললাইনের গা ঘেঁষে এবং রেল পরিসরে 81 লাখ 59 হাজার গাছ লাগিয়েছেন ভারতীয় রেলওয়ের কর্মীরা।
ভারতীয় রেলের দাবি, গত আর্থিক বছরে বৃক্ষ রোপনের এই বিশেষ উদ্যোগ মাটির ক্ষয় যেমন রোধ করেছে, তেমনই পরিবেশকে বাড়তি অক্সিজেন জুগিয়েছে। একই সাথে যাত্রীদের ভ্রমণের অভিজ্ঞতায় নতুন মাত্রা জুড়েছে এই বিশেষ পদক্ষেপ। ভারতীয় রেলের তরফে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে, রেল 2025-26 আর্থিক বছরে যে 81 লাখ 59 হাজার গাছ লাগিয়েছে তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের অধীনে 9.3 লাখ, দক্ষিণ মধ্য রেলওয়ের অধীনে 9 লাখ, উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের অধীনে 8.7 লাখ এবং উত্তর রেলওয়ের বিভিন্ন জোনে 8.5 লাখের কাছাকাছি গাছ লাগানো হয়েছে।
অবশ্যই পড়ুন: সহজে মিলবে টিকিট! কলকাতা থেকে বৈষ্ণোদেবী যাওয়া ভক্তদের জন্য বড় ঘোষণা রেলের
রেল বলছে, রেল স্টেশন চত্বর এবং রেলের জমিতে গাছ লাগানোর ফলে বিভিন্ন অঞ্চলের সবুজ আচ্ছাদন বাড়ছে। এই উদ্যোগে কার্বন ফুটপ্রিন্ট যেমন কমেছে তেমনই জীব বৈচিত্র্য রক্ষা পেয়েছে। একই সাথে পরিবেশগত অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে। যা যাত্রীদের জন্য রেল ভ্রমণকে আরও বেশি পরিবেশবান্ধব এবং স্বাস্থ্যকর করে তুলেছে। রেল এও জানিয়েছে, বৃহৎ পরিসরে বৃক্ষরোপনের কারণে রেল লাইনের ধারে অবকাঠামোগত নিরাপত্তা বৃদ্ধি পেয়েছে। গাছের শিকড় সাধারণত মাটি ধরে রাখতে সাহায্য করে, এর ফলে ভূমিধস এবং ভূমিক্ষয়ের মতো প্রবণতা অনেকটাই কমেছে বলেই দাবি রেলের। এখানেই শেষ নয়, রেল বলছে আগামী দিনগুলিতেও বিপুল সংখ্যক গাছ লাগিয়ে পরিবেশ বাঁচানোই তাদের প্রধান লক্ষ্য।










