ট্রেনে এই ৪ ভুল করলেই জেল, রেলের নিয়ম জানেন তো?

Published:

Indian Railways

বিক্রম ব্যানার্জী, কলকাতা: অল্প খরচে দূরের গন্তব্যে পাড়ি দিতে হলে ট্রেনের (Indian Railways) থেকে ভাল বিকল্প আর কিছু হতে পারে না। তাই তো প্রতিদিন দেশের অসংখ্য যাত্রী রেল ব্যবস্থার উপর ভর করেই এক স্থান থেকে অন্যত্র যাতায়াত করেন। তবে রেল পরিষেবা যাত্রীদের জন্য আরামদায়ক হলেও অসতর্কতার বশে বিপদে পড়েন যাত্রীরা। আসলে রেল যাত্রীদের নিরাপত্তা নিয়ে চিরকালই কঠোর অবস্থানে। ফলে ট্রেনে উঠে এমন বেশ কিছু কাজ রয়েছে যেগুলি করলে জেল পর্যন্ত হতে পারে।

ট্রেনে উঠে এইসব কাজ করলে হতে পারে জেল

ট্রেনে জ্বলন্ত জিনিস ব্যবহার করা যাবে না

ভারতীয় রেলের তরফে বারবার যাত্রীদের সতর্ক করা হয়, তাঁরা যেন ট্রেনের বগিতে ফায়ারক্র্যাকার, গ্যাস সিলিন্ডার থেকে শুরু করে কেরোসিন, পেট্রোল এমনকি গানপাউডারের মতো জিনিস নিয়ে না ওঠেন। রেলওয়ে আইনের ধারা 164 এর অধীনে যদি কেউ উল্লেখিত এইসব জিনিসগুলি নিয়ে ট্রেনে যাত্রা করেন সে ক্ষেত্রে ধরা পড়লে তাঁর 3 বছর পর্যন্ত জেল অথবা 1000 টাকা জরিমানা কিংবা দুটোই হতে পারে।

ট্রেনে ধূমপান পুরোপুরি নিষিদ্ধ

ভারতীয় রেল যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বড়সড় দুর্ঘটনা এড়াতে ট্রেনের ভেতরে ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ করেছে। ট্রেনের টয়লেট থেকে শুরু করে সিটে বসে এমনকি প্ল্যার্টফর্মেও কেউ যদি ধূমপান করেন সেক্ষেত্রে ভারতীয় রেল আইনের 167 ধারা অনুযায়ী তাঁকে মোটা জরিমানা করা হতে পারে। একই সাথে যদি কেউ ট্রেনের মধ্যে অ্যালকোহল বা মদ পান করেন সে ক্ষেত্রে ধরা পড়লে তাঁর জেল পর্যন্ত হতে পারে।

ট্রেনে টিকিট ছাড়া ভ্রমণ করবেন না

এমন অনেকই রয়েছেন যাঁরা লোকাল থেকে শুরু করে এক্সপ্রেস সব ক্ষেত্রেই বিনা টিকিটে ভ্রমণ করে থাকেন। এই অভ্যাস থেকে থাকলে এখনই বদলে ফেলুন। ভারতীয় রেল বলছে, ট্রেনে বিনা টিকিটে ভ্রমণ করা আইনত দণ্ডনীয় অপরাধ। রেলের আইনের 138 নম্বর ধারা অনুযায়ী, যদি কোনও যাত্রী ট্রেনের ভাড়া না দিয়েই অর্থাৎ টিকিট না কেটেই ট্রেনে ভ্রমণ করেন তবে তাঁকে মোটা টাকা জরিমানা করা হবে। জরিমানা দিতে অস্বীকার করলে তাঁকে 137 ধারার অধীনে গ্রেফতার করা হবে। একই সাথে ওই ব্যক্তির হাজতবাসও হতে পারে।

অবশ্যই পড়ুন: দক্ষিণবঙ্গের ১০ জেলায় দুর্যোগ, তবে বাড়বে গরমও! আজকের আবহাওয়া

জোরে কথা বলা যাবে না

রাতে ট্রেনে ভ্রমণের ক্ষেত্রে ভারতীয় রেল যথেষ্ট কঠোর। রেলের নির্দেশিকা অনুযায়ী, রাত দশটার পর ট্রেনে ভ্রমণ করার সময় জোরে জোরে কথা বলা, মোবাইল ফোনে জোরে সাউন্ড বা গান বাজানো, বক্স চালিয়ে গান শোনা আইনত দণ্ডনীয় অপরাধ। এই ধরনের ঘটনায় সহযাত্রীদের ঘুমের সমস্যা হয়। তাই ট্রেনে উঠে ভুলেও এই কাজ করবেন না অন্যথায় জেল যাত্রা হতে পারে।