সহেলি মিত্র, কলকাতাঃ সুখের দিন শেষ, ফের একবার তীব্র ভ্যাপসা গরম ধেয়ে আসছে বাংলায়। মাঝে মধ্যে ঝড় বৃষ্টি হলে খুব একটা স্বস্তির তা হবে না বলে পূর্বাভাস জারি করেছে আবহাওয়া অফিস। আজ সোমবার অর্থাৎ মাসের শুরু থেকে বাংলায় বৃষ্টিপাত কমে গরম বাড়তে চলেছে। যদিও বিক্ষিপ্তভাবে কিছু কিছু জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিন। তবে তাপপ্রবাহ বা লু-এর মতো পরিস্থিতি থাকবে না বলে খবর।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই আসা যাক আজ সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Today) কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া অফিসের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, এদিন আজ দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ,পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত সঙ্গে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে। কলকাতা শহরের আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে মৌসম ভবন।
হাওয়া অফিস জানিয়েছে, বিদর্ভের উপর অবস্থিত ঘূর্ণাবর্ত থেকে পূর্ব মধ্য বঙ্গোপসাগরের ওপর অবস্থিত ঘূর্ণাবর্ত পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা দক্ষিণ ছত্তিশগড়, দক্ষিণ ওড়িশা, উত্তর উপকূলীয় অন্ধ্রপ্রদেশ এবং পশ্চিম-মধ্য ও সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপর দিয়ে সমুদ্রপৃষ্ঠ থেকে ০.৯ কিমি উচ্চতায় বিস্তৃত রয়েছে। দক্ষিণ ওড়িশা উপকূল সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপর সমুদ্রপৃষ্ঠ থেকে ০.৯ কিমি উচ্চতায় অবস্থানকারী ঘূর্ণাবর্তটি উপরোক্ত নিম্নচাপ অক্ষরেখার সঙ্গে মিলিত হয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার জেনে নেওয়া যাক আজ সারাদিন সমগ্র উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, এদিন দার্জিলিং, কালিম্পং, মালদা এবং দক্ষিণ দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আগামীকালের আবহাওয়া?
কেমন থাকবে মঙ্গলবারের আবহাওয়া? মঙ্গলবার থেকে উত্তরবঙ্গে দফায় দফায় বৃষ্টির মাত্রা বাড়বে। দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা বেশি। দক্ষিণবঙ্গের কথা বললে, এদিন পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে সামান্য ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।










