বিক্রম ব্যানার্জী, কলকাতা: চলতি ওয়েস্ট ইন্ডিজ সিরিজে এখনও পর্যন্ত সুযোগ পাননি বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। এর আগে এশিয়ান গেমসে সুযোগ পেলেও ভারতীয় ক্রিকেটার করেছিলেন মাত্র 53 রান। ক্যারিবিয়ান দলের বিরুদ্ধে সুযোগ পেলে বোধ হয় নিজেকে মেলে ধরতে পারতেন সূর্যবংশী। কিন্তু সেটা না হওয়ায় ভারতীয় টিম ম্যানেজমেন্ট এবং গৌতম গম্ভীরের উপর বেশ খানিকটা ক্ষুব্ধ ভারতের বেশ কয়েকজন প্রাক্তন ক্রিকেটার। সেই তালিকায় নাম রয়েছে কৃষ্ণমাচারি শ্রীকান্তের (Krishnamachari Srikkanth)। বৈভব ভারতের একাদশে সুযোগ না পাওয়ায় এবার বড় মন্তব্য করলেন তিনি।
বৈভব প্রসঙ্গে বড় মন্তব্য শ্রীকান্তের
বৈভব সূর্যবংশী ওয়েস্ট ইন্ডিজ সিরিজের বিরুদ্ধে ভারতীয় একাদশে সুযোগ না পাওয়ায় নিজের ইউটিউব চ্যানেলে হতাশা প্রকাশ করেছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার শ্রীকান্ত। এই ঘটনায় তিনি গৌতম গম্ভীর এবং টিম ম্যানেজমেন্টের উপর যথেষ্ঠ অসুন্তুষ্ট। ভারতের প্রাক্তন ক্রিকেটার বললেন, “ওরা শুধু সঞ্জু স্যামসনের আত্মবিশ্বাস নষ্ট করেনি, সেই সাথে বৈভবের আত্মবিশ্বাস চূর্ণ-বিচূর্ণ করে দিয়েছে। ওয়েস্ট ইন্ডিজের মতো দলের বিপক্ষে বৈভবকে তিনটে ম্যাচে সুযোগ দেওয়া যেত। অভিষেক শর্মা যেহেতু টানা খেলছেন তাই তাঁকে বিশ্রামে পাঠিয়ে বৈভবকে নামানো যেতে পারতো।”
ভারতীয় তারকার বক্তব্য, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পরের অর্থাৎ আজকের ম্যাচে বৈভব সূর্যবংশী এবং সঞ্জু স্যামসন ওপেনিং করতে পারে! তাঁদের হাতে এই দায়িত্ব দিয়ে দেখা উচিত। এদিন ভারতের কিংবদন্তি ক্রিকেটার এও জানিয়েছেন, সাম্প্রতিক সময় সঞ্জু সেভাবে ব্যাট হাতে দলে ভরসা জোগাতে পারছেন না। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে 82 রানের ইনিংস ছাড়া বিগত দিনগুলিতে সেভাবে কিছুই করতে পারেননি এই ভারতীয় তারকা। তবে শ্রীকান্ত মনে করেন, পরের ম্যাচে খেলতে নেমে বড় রান করেও দিতে পারেন সঞ্জু। সেই ক্ষমতা রয়েছে তাঁর।
আরও পড়ুন: ‘নরেন্দ্র মোদির হিন্দুত্ববাদী শাসনের পতন অনিবার্য’ দাবি বাংলাদেশের
উল্লেখ্য, ইংল্যান্ডের বিরুদ্ধে সম্প্রতি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয়েছিল বৈভব সূর্যবংশীর। মাত্র 15 বছর 99 দিন বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখে সচিন তেন্ডুলকরের রেকর্ড ভেঙে দিয়েছিলেন তিনি। তবে ইংলিশদের বিরুদ্ধে সেভাবে জ্বলে উঠতে পারেননি বিহারের কিশোর। কামাল দেখিয়েছিলেন পরের সিরিজে জিম্বাবুয়ের বিরুদ্ধে।










