এবার উজবেকিস্তানেও চলবে ভারতের UPI, বিরাট চুক্তি স্বাক্ষর প্রধানমন্ত্রীর

Published:

UPI Payment

সৌভিক মুখার্জী, কলকাতা: উজবেকিস্তান সফরে গিয়ে সেখানকার রাষ্ট্রপ্রধানের সঙ্গে একাধিক আলোচনা সেরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনকি দেশটির সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানও পেয়েছেন তিনি। দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে এই সফরকে বেশ গুরুত্বপূর্ণ হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা। এমনকি উভয় দেশ তাদের কৌশলগত অংশীদারিত্বকে আরও উন্নত করার সিদ্ধান্ত নিয়েছে বলেই খবর। শিক্ষা, সংস্কৃতি, পর্যটন, খনিজ সম্পদ, ইউরেনিয়াম থেকে শুরু করে মোট ১১টি বিষয়ে সম্পন্ন হয়েছে চুক্তি। তবে এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল ইউপিআই ট্রেড (UPI Payment)। এবার উজবেকিস্তানেও চলবে ভারতের অনলাইন পেমেন্ট সিস্টেম।

ভারত ও উজবেকিস্তানের মধ্যে ইউপিআই চুক্তি

বিশ্বব্যাপী সুনাম কুড়াচ্ছে ভারতের ডিজিটাল পেমেন্ট সিস্টেম ইউপিআই। জাপান, ইন্দোনেশিয়া সহ একাধিক দেশে চালু হয়েছে ইউপিআই। সেই সূত্র ধরে এবার উজবেকিস্তানেও চলবে এই পেমেন্ট সিস্টেম। এনপিসিআই ইন্টারন্যাশনাল পেমেন্টস লিমিটেড এবং উজবেকিস্তান ন্যাশনাল ইন্টারব্যাংক প্রসেসিং সেন্টারের মধ্যে একটি বাণিজ্যিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। যার আওতায় ভারতের ইউপিআই অ্যাপের মাধ্যমেই এবার উজবেকিস্তানের জাতীয় কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করা যাবে।

এদিকে ভূতত্ত্ব ও খনিজ সম্পদের ক্ষেত্রে দুই দেশ সহযোগিতা আরও বাড়াবে বলেই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেক্ষেত্রে ভারতের খনি মন্ত্রণালয় এবং উজবেকিস্তানের খনি শিল্প ও ভূতত্ত্ব মন্ত্রণালয়ের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এছাড়া পর্যটন ক্ষেত্রে ২০২৬-২৮ সালের জন্য একটি অংশীদারিত্ব কর্মসূচি চালু করা হয়েছে। এর পাশাপাশি ভারতের সুষমা স্বরাজ ইনস্টিটিউট অফ ফরেন সার্ভিস এবং উজবেকিস্তানের ডিপ্লোম্যাটিক অ্যাকাডেমির মধ্যে সহযোগিতার একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

আরও পড়ুন: “গণতান্ত্রিক দেশে দেওয়াল লিখন সবাই করতে পারে”, যাদবপুর নিয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ

অন্যদিকে প্রধানমন্ত্রী মোদী আরও জানিয়েছেন, উজবেকিস্তানের প্রাচীন বৌদ্ধ তীর্থস্থান ফায়াজ টিপা এবং কারা টিপার সংরক্ষণ ও পুনরুদ্ধারে সহযোগিতা করবে ভারত। এই দুটি ঐতিহাসিক স্থান উজবেকিস্তানের তেরমেজ অঞ্চলে অবস্থিত। এমনকি এই উদ্দেশ্যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং উজবেকিস্তানের সাংস্কৃতিক ঐতিহ্য সংস্থার মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আয়ুর্বেদ ও অন্যান্য ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতির ক্ষেত্রেও এবার সহযোগিতা বাড়ানো হবে বলে খবর।