“গণতান্ত্রিক দেশে দেওয়াল লিখন সবাই করতে পারে”, যাদবপুর নিয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ

Published:

Dilip Ghosh

সৌভিক মুখার্জী, কলকাতা: মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি পরপরই গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেশবিরোধী স্লোগানের উপর করা হয় সাদা চুনকাম। তবে ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের আজ সেই চুনকাম করা দেওয়ালে নীল কালিতে লেখা হল কার্ল মার্কসের একটি উক্তি। এ নিয়ে ইতিমধ্যেই রাজ্য-রাজনীতিতে সরগরম অবস্থা। এবার এ নিয়ে মুখ খুললেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। যদিও ছাত্র সংগঠন এবিভিপির দাবি, নকশালপন্থী বামেরাই এই দেওয়াল লিখেছে। কিন্তু দিলীপ ঘোষের স্পষ্ট মন্তব্য, গণতান্ত্রিক দেশে তিনি ভুল কিছু দেখছেন না।

যাদবপুরের দেওয়াল লিখন নিয়ে বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়েছিলেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতরে শুধু দেশবিরোধী কার্যকলাপ হয়। ওখানে বন্দে মাতরম গাওয়া হয় না এবং জাতীয় পতাকা পর্যন্ত তোলা হয় না। এমনকি তিনি জানান, “বিশ্ববিদ্যালয়ের ভিতর এবং বাইরে রাষ্ট্রবাদ প্রতিষ্ঠা করবই। সবাইকে বন্দে মাতরম গাইতে হবে।” কথা মতোই বিশ্ববিদ্যালয় চত্বরে ১০ হাজার কণ্ঠে বন্দে মাতরম পরিবেশিত হয়। এমনকি মুখ্যমন্ত্রী সেখান থেকে বামপন্থী ছাত্র সংগঠনকে হুঁশিয়ারি দিয়ে কড়া পদক্ষেপ নেওয়ার কথা জানান। তার পরপরই গতকাল বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে দেশবিরোধী স্লোগান এবং পোস্টারের উপর পড়ে সাদা চুনকাম।

এদিকে ২৪ ঘণ্টা যেতে না যেতেই ফের জ্বলজ্বল করে উঠল কার্ল মার্কসের এক উক্তি। এ নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী। মিডিয়ার সামনে তিনি জানান, “প্রথমবার তো এরকম হল। ওখানে অ্যান্টি ন্যাশনাল স্লোগান মোছার প্রয়োজন সরকার মনে করেছে, তাই করেছে। এর আগে তো কেউ করার চেষ্টা করেনি। যারা এই ক্যাম্পাসকে এতদিন দখল করে রেখেছে অ্যান্টি ন্যাশনাল মুভমেন্ট তৈরি করেছে, তারা একটা মেসেজ পেয়েছে যে এটা আর চলবে না।”

আরও পড়ুন: আচমকাই বন্ধ কালনা-বর্ধমান রুটে বন্ধ বাস পরিষেবা, কারণ কী?

তবে দিলীপ আরও জানান, “দেওয়াল লিখন ইত্যাদি গণতান্ত্রিক দেশে সবাই করতে পারে। কার্ল মার্কসের নীতি তো ব্যান হয়ে যায়নি। সেগুলি লিখতেই পারে। তবে ভারতের বিরুদ্ধে চ্যালেঞ্জ করা, ভারতের ঐক্য নিয়ে প্রশ্ন করা, এগুলো তো ভারত সরকার বরদাস্ত করবে না।” যদিও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কড়া বার্তা দিয়েছিলেন যে তিনি যাদবপুরে জাতীয়বাদ প্রতিষ্ঠা করেবেনই। পাশাপাশি তিনি হুঁশিয়ারি দিয়ে জানান, “দেশবিরোধী স্লোগান এখানে চলবে না। আর ফ্রি প্যালেস্টাইন? ওখানে লিখুন ফ্রি পাক অকুপাইড কাশ্মীর। উচ্চশিক্ষা দফতর দেখছে। আমিও দেখছি।”