৭.৮% আর্থিক বৃদ্ধির পরই সুখবর, ভারতের অর্থনীতিতে আস্থা রেখে রেটিং বাড়াল জাপানের সংস্থা

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: কিছুদিন আগেই জাতীয় পরিসংখ্যান অফিসের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছিল 2026-27 আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে ভারতের আর্থিক বৃদ্ধি 7.8 শতাংশ (Indian Economy)! এমন খবর প্রকাশ্যে আসতেই দেশের সম্ভাব্য অর্থনৈতিক বৃদ্ধি নিয়ে ভারতবাসীকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী (Narendra Modi)। এবার জাপানের (Japan) ক্রেডিট রেটিং এজেন্সি ভারতের উন্নয়নশীল অর্থনীতিকে সামনে রেখে ভারতের সার্বভৌম বৈদেশিক মুদ্রা এবং স্থানীয় মুদ্রার দীর্ঘমেয়াদী রেটিং BBB+ থেকে বাড়িয়ে A করে দিয়েছে। যা ভারতীয় অর্থনীতির শক্তি ও স্থিতিস্থাপকতার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য স্বীকৃতি।

দেশের অর্থনীতিকে স্বীকৃতি দিল জাপানের সংস্থা

জাপানের জনপ্রিয় সংস্থা জেসিআরএ বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, ব্যক্তিগত ভোগ এবং ভারত সরকারের নিয়মিত বিনিয়োগের ফলে ভারতীয় অর্থনীতি প্রায় 7 শতাংশের উচ্চবৃদ্ধি বজায় রেখেছে। ওই বিবৃতিতে জাপানের সংস্থাটি একেবারে পরিষ্কার ভাবে জানিয়েছে, ভারতীয় অর্থনীতির এই বৃদ্ধির নেপথ্যে রয়েছে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত।

জেসিআরএ জানায়, ভারত সরকার দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী এবং চাঙ্গা করে তোলার লক্ষ্যে গণপরিকাঠামোর উন্নয়ন, পণ্য এবং পরিষেবা কর ব্যবস্থাপনা সহ দেশজুড়ে উৎপাদন বৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রয়োজন এমন সব রকম পদক্ষেপ নিচ্ছে। জাপানের ওই সংস্থা ভারতের ব্যাঙ্কিং খাতের উন্নতির কথাও স্বীকার করে নিয়েছে।

সংস্থাটি জানিয়েছে, 2026 সালের মার্চ মাস নাগাদ ভারতের খেলাপি ঋণের পরিমাণ কমে 1.8 শতাংশতে গিয়ে দাঁড়িয়েছে। আরে এই উন্নতির জন্য জাপানি সংস্থাটি ইনসলভেন্সি অ্যান্ড ব্যাঙ্কারাপসি কোড প্রতিষ্ঠা, সরকারি মূলধন বিনিয়োগ এবং ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের কঠোর তত্ত্বাবধানের বিষয়টি উল্লেখ করেছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় এই সংস্থা, ভারতের বৈদেশিক মুদ্রা এবং স্থানীয় মুদ্রার জন্য দেওয়া দীর্ঘমেয়াদী রেটিং BBB+থেকে বাড়িয়ে A করে দিয়েছে। শুধু তাই নয়, সংস্থাটির আশা 2027 আর্থিক বছরেও ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার 6 শতাংশের বেশি থাকবে।

 

আরও পড়ুন: মোহভঙ্গ! কালীঘাট তৃণমূলে ফিরলেন মদন মিত্র? ভাইরাল ছবি ঘিরে জল্পনা

মোদি সরকারকে স্বীকৃতি দিলেন অমিত মালব্য

জাপানের সংস্থাটি ভারতের বৈদেশিক মুদ্রা এবং স্থানীয় মুদ্রার রেটিং বাড়িয়ে দেওয়ায় গোটা বিষয়টি নরেন্দ্র মোদি সরকারের অর্থনৈতিক নীতি এবং ভারতের অর্থনৈতিক শক্তির আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবেই দেখছেন বিজেপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অমিত মালব্য। নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি জানিয়েছেন, যেখানে কিছু সমালোচক ভারতের অর্থনীতি নিয়ে নেতিবাচক মন্তব্য করছেন সেখানে জেসিআরএ-র মতো আন্তর্জাতিক ক্রেডিট রেটিং সংস্থা ভারতের প্রায় 7 শতাংশ অর্থনৈতিক বৃদ্ধি, সংস্কার এবং আর্থিক খাতের উন্নতি সহ দেশের অর্থনৈতিক স্থিতিশীলতাকে স্বীকৃতি দিচ্ছে।