সৌভিক মুখার্জী, কলকাতা: আপনিও কি চারধাম (Char Dham) যাত্রার পরিকল্পনা করছেন? বিশেষ করে কেদারনাথ (Kedarnath Temple) যেতে চাইছেন? তাহলে আপনার জন্য রইল বড় খবর। কারণ, উত্তরাখন্ড সরকার ২০২৬ সালের জন্য ইতিমধ্যেই চারধাম যাত্রার অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করেছে। আগামী ২২ এপ্রিল খোলা হচ্ছে কেদারনাথের দরজা। তবে কেদারনাথ যাত্রার আগে অবশ্যই রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে (Kedarnath Yatra Registration)। এই প্রতিবেদনে সেই পদ্ধতি তুলে ধরা হল।
কবে শুরু হচ্ছে চারধাম যাত্রা?
জানিয়ে দিই, ঐতিহ্যবাহী রীতি মেনে এপ্রিল মাসেই ভক্তদের জন্য চারধাম যাত্রার দরজা খুলে দেওয়া হবে। আগামী ১৯ এপ্রিল গঙ্গোত্রী মন্দির খোলা হবে এবং ওই দিনই যমুনোত্রী মন্দির খোলা হবে। পাশাপাশি ২২ এপ্রিল খোলা হবে কেদারনাথের দরজা, আর ২৩ এপ্রিল বদ্রীনাথের দরজা।
কীভাবে অনলাইনে রেজিস্ট্রেশন করবেন?
উত্তরাখণ্ড পর্যটন দফতরের তরফ থেকে অফিসিয়াল পোর্টাল বা মোবাইল অ্যাপের মাধ্যমে এবার রেজিস্ট্রেশন করতে বলা হয়েছে। তবে এর জন্য অবশ্যই নিজের আধার নম্বরের সঙ্গে মোবাইল নম্বর লিংক থাকতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন—
- প্রথমে আপনার নিজের মোবাইল ফোন বা ডেক্সটপ থেকে উত্তরাখণ্ড ট্যুরিজমের অফিসিয়াল ওয়েবসাইটে (https://uttarakhandtourism.gov.in/) ভিজিট করুন।
- তারপর সেখান থেকে চারধাম যাত্রা অপশনটিতে ক্লিক করুন।
- তারপর নতুন আবেদনকারী হলে নিজের মোবাইল নম্বর ও নাম দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করুন।
- এরপর লগইন করে ‘রেজিস্ট্রেশন ফর ট্যুর’ অপশনটিতে ক্লিক করুন।
- এবার আপনার জার্নি ডেট এবং কতজন যাবেন তা ইনপুট করুন।
- এরপর কোন তারিখে কোন মন্দির অ্যাভেলেবেল তা দেখতে পাবেন।
- এরপর আপনি হেলিকপ্টার নাকি হেঁটে নাকি বাই রোড যাবেন তা সিলেক্ট করতে হবে।
- এরপর আপনি কোন মন্দির দর্শন করবেন সেটা সিলেক্ট করতে হবে এবং তারিখ ইনপুট করতে হবে।
- এরপর সাবমিট করে আধার নম্বর ইনপুট করতে হবে।
- এরপর আধার নম্বরের সঙ্গে লিংক থাকা মোবাইল নম্বরে ওটিপি আসবে। সেটি ইনপুট করে ‘ভেরিফাই ওটিপি’ অপশনটিতে ক্লিক করতে হবে।
- এরপর সাবমিট করে আপনার নিজের ঠিকানা ইনপুট করতে হবে।
- তারপর নিজের একটি ফটো আপলোড করে সাবমিট করে দিতে হবে।
আরও পড়ুন: গরমের ছুটিতে ঘুরে আসুন ডুয়ার্সের স্বর্গ গারুচিরা, ফিরবেন মন ভরা ভালোবাসা নিয়ে
কিন্তু হ্যাঁ, এক্ষেত্রে বলে রাখা প্রয়োজন, যারা অনলাইনে আবেদন করতে পারবেন না, তাদের জন্য আগামী ১৭ এপ্রিল থেকে অফলাইন কাউন্টার চালু করা হবে। ঋষিকেশ, হরিদ্দার এবং দেরাদুনের মতো নির্দিষ্ট কাউন্টারে গিয়ে নিজের পরিচয়পত্র দেখিয়ে সেখান থেকে সরাসরি রেজিস্ট্রেশন সম্পন্ন করে নিতে পারবেন।










