গরমের ছুটিতে ঘুরে আসুন ডুয়ার্সের স্বর্গ গারুচিরা, ফিরবেন মন ভরা ভালোবাসা নিয়ে

Published:

Garuchira

সহেলি মিত্র, কলকাতাঃ গরম পড়তেই মনটা কেমন পাহাড়, জল জল করতে থাকে। গ্রীষ্মের আগমন মানেই ভ্যাপসা গরম। আর গরমের ছুটিতে (Summer Vacation) তাপপ্রবাহ থেকে বাঁচতে কোনো শীতল ও শান্ত জায়গায় পালিয়ে যাওয়ার ইচ্ছা জাগে সকলেরই। এদিকে সামনেই বাচ্চাদের গ্রীষ্মের ছুটি শীঘ্রই শুরু হবে। এই সময়ে একটি পারিবারিক ভ্রমণের পরিকল্পনা করা বাচ্চাদের জন্য একটি দারুণ অভিজ্ঞতা হতে পারে এবং আপনার জন্য কাজ থেকে বিরতি নেওয়ার একটি সুযোগও হবে। আজকের এই প্রতিবেদনে আপনাদের এমন এক জায়গার সন্ধান দেব যেখানে আপনি প্রকৃতির এক নিদারুণ দৃশ্য দেখে খুশি হয়ে যাবেন। আর মন চাইবে না বাড়ি ফিরতে। এখানে আপনি একাধারে পাবেন তো পাবেন জল। তাহলে চলুন জেনে নেওয়া যাক।

গরমে ঘুরে আসুন গারুচিরা

গরম থেকে বাঁচতে সঙ্গে ভিড় থেকে রেহাই পেতে কোনও সুন্দর এবং নিরিবিলি জায়গা খুঁজছেন, তাহলে এই গরমের ছুটিতে ঘুরে আসতে পারেন ডুয়ার্সের (Offbeat Dooars) বুকে লুকিয়ে থাকা একদম অফবিট জায়গা গারুচিরা (Garuchira) থেকে। সুপ্তি ও রেতি নদীর মাঝে থাকা এবং ভুটান পাহাড়ের কোলে থাকা এই অফবিট ডেস্টিনেশনটিতে এখনও অবধি পর্যটকদের খুব একটা পা পড়েনি। এই গারুচিরা ছবির থেকেও সুন্দর একটি গ্রাম।

ঘন জঙ্গল, দুই নদী ঘেরা এই গারুচিরায় এলে আপনি প্রকৃতির নতুন করে প্রেমে পড়ে যাবেন। ভাববেন, আগে কেন আসেননি। বান্দাপানি ফরেস্ট রেঞ্জের অন্তর্গত এই গ্রামটি একেবারে ভারত-ভুটান সীমান্তে। বর্ষায় এখানকার রূপ হয় একরকম, আবার শীতে আপনি গারুচিরার অন্য রূপ দেখবেন। পাহাড়ের গায়ে মেঘের খেলা আর নিচে কুলকুল করে বয়ে চলা নদীর শব্দ আপনার মন প্রাণ জুড়িয়ে দেবে। স্ট্রেস কাকে বলে তা ভুলে যাবেন। সে এক মায়াবী জায়গা বলে মনে হবে আপনার।

কী কী দেখবেন?

এমনিতে এই জায়গার এত সুন্দর রূপ ছেড়ে অন্য কিছু দেখতে ইচ্ছা করবে না। কিন্তু তাও সময় কাটাতে আপনি আশেপাশের ভুটিয়া গ্রাম, আদিবাসী গ্রাম পায়ে হেঁটে ঘুরে দেখতে পারেন। এছাড়া রয়েছে জঙ্গল যেখানে আপনি ট্রেক করতে পারেন। সেইসঙ্গে জঙ্গল সাফারিও করতে পারেন।

আরও পড়ুনঃ ২–৩ ডিগ্রি কমবে পারদ, দক্ষিণবঙ্গের ৬ জেলায় তুমুল ঝড়-বৃষ্টি, আজকের আবহাওয়া

কীভাবে পোঁছাবেন গারুচিরা?

এখন নিশ্চয়ই ভাবছেন ডুয়ার্সের বুকে লুকিয়ে থাকা এই গারুচিরায় আপনি কীভাবে পৌঁছাবেন? সেক্ষেত্রে আপনাকে গাড়ি করে হাসিমারা, নিউ আলিপুরদুয়ার কিংবা ডালগাঁও স্টেশনে আসতে হবে। ডালগাঁও স্টেশনটি গারুচিরার সবথেকে কাছে (প্রায় ১৫-২০ কিমি)। সেখান থেকে গাড়ি ভাড়া করে বীরপাড়া হয়ে পৌঁছে যেতে পারেন গারুচিরায়।