২–৩ ডিগ্রি কমবে পারদ, দক্ষিণবঙ্গের ৬ জেলায় তুমুল ঝড়-বৃষ্টি, আজকের আবহাওয়া

Published:

Weather Today

সহেলি মিত্র, কলকাতাঃ ফের একবার পাল্টি খেল বাংলার আবহাওয়া (Weather Today)। বৃষ্টি, ঝড়ের কারণে ফের একবার তাপমাত্রা কমল দক্ষিণবঙ্গের। আজ শুক্রবারও বাংলার বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, কখনও ঝড়ের পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। আসলে নিম্নচাপ অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের ফলে বাংলার এরকম আবহাওয়া বদল হয়েছে বলে খবর। আগামী ২ দিনে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২–৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। তার পরবর্তী ৫ দিনে দক্ষিণবঙ্গের সব জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৩–৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্পপূর্ণ মেঘ প্রবেশ করছে। যার প্রভাবে দক্ষিণবঙ্গের অধিকাংশ অঞ্চলে বৃষ্টি তো হবেই, সঙ্গে আজকের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে কিছুটা কমই থাকবে বলে মনে করা হচ্ছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, শুক্রবার দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিমি বেগে বইতে পারে দমকা হাওয়া। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, উত্তর ২৪ পরগনা এবং হুগলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি।

আলিপুর আবহাওয়া অফিস আরও জানিয়েছে, দক্ষিণ-পূর্ব রাজস্থান থেকে মণিপুর পর্যন্ত একটি পূর্ব-পশ্চিম নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এটি উত্তর-পূর্ব মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং দক্ষিণ-পূর্ব অসমের উপর দিয়ে গেছে। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১.৫ কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত। অন্যদিকে উত্তর বাংলাদেশ ও পার্শ্ববর্তী এলাকায় সমুদ্রপৃষ্ঠ থেকে ০.৯ কিমি উচ্চতায় অবস্থানকারী ঊর্ধ্ববায়ু ঘূর্ণাবর্তটি এই অক্ষরেখার সঙ্গে মিলিত হয়েছে। বঙ্গোপসাগর থেকে অনুকূল বায়ুপ্রবাহ ও আর্দ্রতার অনুপ্রবেশের কারণে আজ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় প্রবল দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায়। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী ৭ দিনে বড় ধরনের তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা নেই।

আরও পড়ুনঃ ATM থেকে PF-র টাকা তুললে প্রভাব পড়বে পেনশনে? জেনে রাখুন

আগামীকালের আবহাওয়া

এবার জেনে নেওয়া যাক শনিবার অর্থাৎ সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। হাওয়া অফিস জানিয়েছে এদিন বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান এবং নদীয়া জেলায়। বাকি জেলাগুলির আবহাওয়া মোটের উপর শুষ্ক থাকবে। উত্তরবঙ্গের কথা বললে শনিবার থেকে আবার ভারী বৃষ্টির ভ্রূকুটি রয়েছে দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলায়। এ ছাড়া ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায়।