আনিষা চৌধুরী, কলকাতা: চোখের নিমেষে কেটে গেল বাঙালির শ্রেষ্ঠ উৎসবের ৪-৫ টা দিন। আজ বিজয়া দশমী, মায়ের বাপের ঘর ছেড়ে শ্বশুরবাড়ি ফেরার দিন। চোখে জল নিয়ে মায়ের ফেরার অপেক্ষায় ইতিমধ্যেই দিন গোনা শুরু করে দিয়েছে গোটা বাংলা। অনেকেই ২০২৭ সালের দুর্গাপুজোর (Durga Puja 2027) দিনক্ষণ জানতে আগ্রহী হয়ে উঠেছে। পঞ্জিকা অনুযায়ী, আগামী বছর মহালয়া (Mahalaya) পড়েছে ৩০ সেপ্টেম্বর, বৃহস্পতিবার। তবে কিছু প্রকাশিত ক্যালেন্ডারে ২৯ সেপ্টেম্বরের উল্লেখও রয়েছে।
২০২৭-এর দুর্গাপুজোর দিনক্ষণ
আগামী বছর দুর্গাপুজোর মূল পর্ব শুরু হবে অক্টোবর মাসে। ৫ অক্টোবর, মঙ্গলবার মহাষষ্ঠী। এই দিনেই দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে পুজোর আনুষ্ঠানিক সূচনা হবে। পরের দিন, ৬ অক্টোবর, বুধবার মহাসপ্তমী। নবপত্রিকা স্নান ও পুজোর নানা আচারকে ঘিরে মেতে উঠবে বাংলার পুজোমণ্ডপগুলি। পুজোর প্রস্তুতি থেকে শুরু করে নতুন পোশাক, ঠাকুর দেখার পরিকল্পনা, সব মিলিয়ে উৎসবের আনন্দ ছড়িয়ে পড়বে ঘরে ঘরে।
৭ অক্টোবর, বৃহস্পতিবার পড়েছে মহা অষ্টমী। দুর্গাপুজোর অন্যতম গুরুত্বপূর্ণ এই দিনে অঞ্জলি, কুমারীপুজো এবং সন্ধিপুজো ঘিরে থাকে বিশেষ আবেগ ও ধর্মীয় নিষ্ঠা। শাড়ি আর পাঞ্জাবিতে ভরে যাবে পাড়ার পুজোমণ্ডপ। এরপর ৮ অক্টোবর, শুক্রবার মহানবমীর পুজো পালিত হবে। কোথাও কোথাও তিথির বিস্তারের কারণে নবমীর আচার ৯ অক্টোবর পর্যন্ত চলতে পারে। ২০২৭ সালের ১০ অক্টোবর, রবিবার পড়েছে বিজয়া দশমী। এই দিন সিঁদুর খেলায় মেতে উঠবে বাড়ির গৃহিণীরা। তারপর আবার শুরু হবে পরের বছরের অপেক্ষা।
আরও পড়ুন: পুজো কাটতেই ফের ঘূর্ণাবর্তের আশঙ্কা রাজ্যে! কবে থেকে শুরু হবে বৃষ্টি? আগামীকালের আবহাওয়া
দুর্গাপুজো শুধু কয়েকটা দিন আনন্দে কাটানোর উৎসব নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে বাঙালির আবেগ, স্মৃতি আর একে অপরের কাছে ফিরে আসার গল্প। সারা বছর কাজের ব্যস্ততায় দূরে থাকা মানুষগুলো এই কটা দিনে আবার একসঙ্গে হয়। নতুন পোশাকের গন্ধ, প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে বেড়ানোয় আর বন্ধুদের সঙ্গে আড্ডায় খুঁজে পায় বেঁচে থাকার আনন্দ। পুজোর কটা দিন যেন ব্যস্ত জীবনের দুরন্ত সময়কে একটু থামিয়ে দেয়। একটা গোটা বছর অপেক্ষা করার শক্তি যোগায়। কিন্তু দেখতে দেখতে এসে যায় বিদায়ের মুহূর্ত। বিসর্জনের ঢাকে মন ভারী হয়ে ওঠে। মা দুর্গা ফিরে যান কৈলাসে।










