প্রীতি পোদ্দার, কলকাতা: পুজোর মরশুমে ঘরে ঘরে যেমন আমিষ নিরামিষের একাধিক পদ রান্না করা হয় ঠিক তেমনই আবার শেষ পাতে থাকে নানারকম স্বাদের মিষ্টি। পান্তুয়া, রসমালাই, রসগোল্লা, মিষ্টি দই এসব তো থাকবেই। তবে এসব চেনা মিষ্টির (Sweet) বাইরে অনেকসময় মন চায় একটু অন্যরকম মিষ্টি ট্রাই করতে। তাই আমাদের আজকের প্রতিবেদন নিয়ে এসেছে দুধের হালুয়ার (Dudher Haluya) রেসিপি। চলুন ঝটপট জেনে নেওয়া যাক বিস্তারিত।
উপকরণ
দুধের হালুয়া বানানোর জন্য যে যে উপকরণ গুলো লাগবে সেগুলি হল- দুধ, ভিনিগার, কেশর, এলাচ গুঁড়ো, চিনি, ঘি।
রান্নার পদ্ধতি
- প্রথমে একটি কড়াইয়ের মধ্যে দুই প্যাকেট দুধ ভালো করে ফুটিয়ে নিতে হবে। এবার ওর মধ্যে সামান্য ভিনিগার মিশিয়ে দিতে হবে এবং ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে।
- ধীরে ধীরে দুধ কেটে এলে এবার ওর মধ্যে থেকে ছানা এবং জলটা আলাদা করে নিতে হবে। এর জন্য পরিষ্কার একটি কাপড় ব্যবহার করতে পারেন। ভালো করে চিপরিয়ে জলটা আলাদা করে নিতে হবে। এবং ১০-১৫ মিনিট কাপড় সমেত ছানাটা ভালো করে চাপা দিতে রাখতে হবে।
- এরপর ছানাটা ভালো করে মাখিয়ে নিতে হবে। অন্যদিকে একটি কড়াইতে পুনরায় দুধ ফুটিয়ে নিতে হবে। এবং তার মধ্যে থেকে একটু দুধ আলাদা বাটিতে রেখে তার মধ্যে কেশর মিশিয়ে নিতে হবে। অন্যদিকে ফোটানো দুধের মধ্যেই ছানাগুলো দিয়ে দিতে হবে।
আরও পড়ুন: দশমীতে মিষ্টিমুখ হোক ঘরে বানানো মালাই সন্দেশ দিয়ে, রইল সেই রেসিপি
- ভালো করে দুধ এবং ছানা মিশিয়ে নেওয়ার পর কেশর মেশানো দুধটা ঢেলে দিতে হবে। ভালো করে ৬-৭ মিনিট নাড়াচাড়া করে নিতে হবে। কিছুক্ষণ পর দেখবেন ছানা এবং দুধ অনেকটাই টেনে গিয়েছে। তখনই চিনি ঢেলে দিতে হবে। আবার ৩-৪ মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে।
- ৫ মিনিট পর যখন চিনির জলটা শুকিয়ে আসবে তখন এলাচ গুঁড়ো দিয়ে দিতে হবে। সেটিকেও ওই মিশ্রণের সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে হাফ বাটি ঘি। সেটিকেও ভালো করে মাখিয়ে নিতে হবে। ৩ মিনিট পর দেখবেন একদম তৈরি দুধের হালুয়া।










