অনন্যা সরকার, কলকাতা: রেশন কার্ডধারীরা (Ration Card) ন্যায্য মূল্যের দোকানে প্রাপ্য পরিমাণের চেয়ে কম খাদ্যশস্য পাওয়া, বন্টন ব্যবস্থায় অনিয়ম বা বিলম্ব, রেশন না পাওয়া, কার্ডের তথ্যে গরমিল সহ যেকোনো রেশন সংক্রান্ত সমস্যার (Ration Complaints) অভিযোগ জানাতে পারেন সহজেই। এর জন্য রয়েছে একাধিক মাধ্যম। ‘অন্ন সহায়তা’ (Anna Sahayata) হোয়াটসঅ্যাপ পরিষেবা, ‘মেরা রেশন’ (Mera Ration) অ্যাপ এবং সিপিজিআরএএমএস (CPGRAMS) পোর্টালে রেশন সম্পর্কিত সমস্যাগুলি জানানো যায়। এই ব্যবস্থাগুলোর লক্ষ্য হল রেশন সংক্রান্ত অভিযোগ দায়ের ও তার সমাধানের অগ্রগতি জানার প্রক্রিয়াটিকে সহজ করা।
এক হোয়াটসঅ্যাপ মেসেজেই কর্তৃপক্ষকে জানান অভিযোগ
‘অন্ন সহায়তা’-এর হোয়াটসঅ্যাপ নম্বরটি হল – ৯৮৬৮২০০৪৪৫। এই নম্বরে মেসেজ পাঠিয়ে অভিযোগ জানানো যাবে। মেসেজে সমস্যাটি স্পষ্টভাবে বর্ণনা করার পর রেশন কার্ড নম্বর, দোকানের নাম, ঘটনার তারিখ ও প্রাপ্ত রেশনের পরিমাণের মতো প্রয়োজনীয় তথ্যগুলো প্রদান করতে হবে। অভিযোগ বা মেসেজের জন্য প্রাপ্ত রেফারেন্স নম্বরটি সংরক্ষণ করে রাখতে পারেন। পরবর্তীতে ওই নম্বরটি দিয়ে অভিযোগের সুরাহা কতদূর হল, তা খোঁজ নেওয়ার ক্ষেত্রে সুবিধা হতে পারে। যদি স্মার্টফোন বা ইন্টারনেট ব্যবহার করতে না পারেন অথবা ফোনের মাধ্যমে সহায়তা প্রয়োজন হয়, তবে ১৪৪৫৭ নম্বরের আইভিআরএস (IVRS) হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। এতে স্থানীয় তথ্য বা অভিযোগ, প্রতিকার সংক্রান্ত বিকল্পগুলি বেছে নিতে স্বয়ংক্রিয় মেনুর নির্দেশাবলী অনুসরণ করতে হবে।
‘মেরা রেশন’ অ্যাপ
‘মেরা রেশন’ অ্যাপের মাধ্যমে সুবিধাভোগীরা তাঁদের প্রাপ্য রেশনের পরিমাণ, পরিবারের সদস্যদের বিবরণ, সাম্প্রতিক বন্টনের অবস্থা এবং নিকটবর্তী রেশন দোকানের অবস্থান দেখতে পারেন। এছাড়া এই অ্যাপ ব্যবহার করে অভিযোগ জানানো এবং সমাধানের স্ট্যাটাস জানা সম্ভব। নির্ভরযোগ্য অ্যাপ স্টোর থেকে অফিসিয়াল সংস্করণটি ডাউনলোড করে নির্দেশগুলি অনুসরণ করতে হবে। পরিষেবা ও অবস্থানের ওপর ভিত্তি করে বিকল্পগুলি ভিন্ন হতে পারে। অপরিচিত কাউকে ওটিপি (OTP) বা অন্যান্য গোপনীয় তথ্য দেবেন না।
আরও পড়ুন: কবে ঢুকবে পিএম কিষানের ২৪তম কিস্তি? টাকা পেতে এই তথ্যগুলি এখনই যাচাই করুন
এছাড়া, সরকারি বিভাগ এবং জনসেবা সংক্রান্ত অভিযোগের জন্য তৈরি অনলাইন প্ল্যাটফর্ম সিপিজিআরএএমএস-এ অভিযোগ জানানো এবং অভিযোগটির বর্তমান অবস্থা জানা যেতে পারে। অভিযোগকারীকে সমস্যাটি স্পষ্টভাবে উল্লেখ করতে হবে এবং রেশন কার্ড বা লেনদেনের বিবরণের মতো প্রাসঙ্গিক তথ্য ও প্রমাণাদি প্রদান করতে হবে। যদি কেউ তাঁর প্রাপ্য পরিমাণের চেয়ে কম রেশন পেয়ে থাকেন, তবে প্রত্যাশিত পরিমাণ ও কতটা দেওয়া হয়েছে – উভয়ই উল্লেখ করতে হবে।










