কবে ঢুকবে পিএম কিষানের ২৪তম কিস্তি? টাকা পেতে এই তথ্যগুলি এখনই যাচাই করুন

Published:

pm kisan

আনিষা চৌধুরী, কলকাতা: কিষান সম্মান নিধি (Pradhan Mantri Kisan Samman Nidhi) যোজনার পরবর্তী কিস্তির টাকা (Money) কবে অ্যাকাউন্টে ঢুকবে, তা জানতে আগ্রহী দেশের কৃষকমহল। এই প্রকল্পের আওতায় যোগ্য কৃষক পরিবারকে বছরে তিনটি কিস্তিতে মোট ৬,০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। প্রতিবার ২,০০০ টাকা করে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়। গত ২০ জুন ২০২৬-এ প্রকল্পের ২৩তম কিস্তি প্রদান করা হয়েছিল। এবার ২৪তম কিস্তির অপেক্ষা। বিভিন্ন সূত্র অনুযায়ী অনুযায়ী, এই অক্টোবর মাসেই পরবর্তী কিস্তি দেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে টাকা পাঠানোর নির্দিষ্ট দিন এখনও সরকারিভাবে ঘোষণা করা হয়নি। ফলে কবে টাকা মিলবে, তা জানতে সরকারি বিজ্ঞপ্তির দিকে নজর রাখতে হবে।

এগুলি না করলে পাবেন না কিস্তির টাকা

কিস্তির জন্য অপেক্ষা করার পাশাপাশি কৃষকদের নিজেদের নথিপত্র ও পেমেন্টের যাবতীয় তথ্য আরও একবার ভালো যাচাই করে নেওয়া দরকার। কারণ,
১. আবেদনকারীর তথ্য অসম্পূর্ণ থাকলে,
২. ই-কেওয়াইসি বাকি থাকলে,
৩. জমির নথি যাচাইয়ে সমস্যা দেখা দিলে
আর্থিক সহায়তা আটকে যেতে পারে। বিশেষ করে যাঁদের আগের কিস্তির টাকা আসেনি, তাঁরা যদি এবার টাকা পেতে চান তাহলে আগে সমস্যার কারণ খুঁজে বের করা জরুরি।

আবেদনের তথ্য অসম্পূর্ণ থাকলে কীভাবে সংশোধন করবেন?

পিএম কিষান যোজনার সরকারি পোর্টালে ‘Update Missing Information’ নামে একটি পরিষেবা রয়েছে। এর মাধ্যমে কৃষকের প্রোফাইলে কোনও তথ্য অসম্পূর্ণ রয়েছে কি না, তা খুঁজে দেখা যায়। এজন্য,
সরকারি পোর্টালের এই পেজে (https://pmkisan.gov.in/SearchBeneficiaryInformationUpdate.aspx) যেতে হবে।
সেখানে আধার নম্বর অথবা রেজিস্ট্রেশন নম্বর দিয়ে প্রয়োজনীয় যাচাই সম্পন্ন করে সংশ্লিষ্ট তথ্য দেখে নিতে হবে।
কোনও বিবরণ সংশোধনের প্রয়োজন হলে পোর্টালে দেওয়া নির্দেশ অনুসরণ করতে হবে।
তবে সব ধরনের সমস্যা এই পরিষেবার মাধ্যমে সমাধান করা যায় না।

ই-কেওয়াইসি ও ব্যাঙ্কের তথ্যও যাচাই করুন

পিএম কিষান যোজনার সুবিধা পেতে ই-কেওয়াইসি সম্পূর্ণ করা বাধ্যতামূলক। যাঁদের এই প্রক্রিয়া বাকি রয়েছে, তাঁরা সরকারি পোর্টালের মাধ্যমে উপলব্ধ ওটিপি-ভিত্তিক পদ্ধতি ব্যবহার করতে পারেন। বায়োমেট্রিক পদ্ধতিতে ই-কেওয়াইসি করার জন্য কমন সার্ভিস সেন্টারের সাহায্যও নেওয়া যায়। পাশাপাশি আধার সংক্রান্ত তথ্য, ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ এবং প্রয়োজনীয় জমির নথি ঠিক রয়েছে কি না, তা পরীক্ষা করা দরকার। কোথাও কোনওরকম অসংগতি থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তা সংশোধনের ব্যবস্থা করতে হবে।

কিস্তির টাকা পাঠানো হয়েছে কি না জানবেন কীভাবে?

কৃষকরা পিএম কিষান পোর্টালের ‘Know Your Status’ পরিষেবার মাধ্যমে নিজেদের পেমেন্টের বর্তমান অবস্থা যাচাই করতে পারেন। এর জন্য (https://pmkisan.gov.in/BeneficiaryStatus_New.aspx) গিয়ে রেজিস্ট্রেশন নম্বর ও ক্যাপচা দিতে হবে। এরপর রেজিস্টার্ড মোবাইল নম্বরে আসা ওটিপির মাধ্যমে যাচাই সম্পূর্ণ করলে পেমেন্ট সংক্রান্ত তথ্য দেখা যাবে। সেখানে পেমেন্টের অবস্থা, ব্যাঙ্কের নাম, টাকা জমা পড়েছে কি না এবং টাকা ঢোকার তারিখের মতো বিবরণ পাওয়া যেতে পারে। কোনও কৃষকের নাম বা আবেদন সংক্রান্ত তথ্য যাচাইয়ের প্রয়োজন হলে সরকারি পোর্টালের বেনিফিশিয়ারি পরিষেবাও ব্যবহার করা যেতে পারে।

আরও পড়ুন: পাননি আয়ুষ্মান ভারত? মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনায় কীভাবে আবেদন করবেন জানুন

সব মিলিয়ে, পিএম কিষান যোজনার ২৪তম কিস্তির টাকা পাওয়ার আগে কৃষকদের নিজেদের ই-কেওয়াইসি, নথিপত্র ও বেনিফিশিয়ারি স্ট্যাটাস যাচাই করে নেওয়া উচিত। আগের কিস্তির টাকা না এলে শুধু পরবর্তী কিস্তির অপেক্ষায় থাকবেন না। সবার প্রথমে পেমেন্টের বিবরণ পরীক্ষা করে সমস্যার কারণ সম্পর্কে নিশ্চিত হন। কিস্তি প্রকাশের চূড়ান্ত তথ্যের জন্য পিএম কিষানের সরকারি ওয়েবসাইটে নজর রাখুন।

google button