আনিষা চৌধুরী, কলকাতা: মদের (Alcohol) বোতলের গায়ে লেখা একটি শব্দ ঘিরেই যত বিপত্তি। দুই তরফে চলছে জোরদার আইনি বিতর্ক। জনপ্রিয় ব্র্যান্ড ওল্ড মঙ্কের (Old Monk) লেবেলে ‘Rum’-এর পরিবর্তে ‘Rum-like’ লেখার শর্ত দিয়েছে খাদ্য সুরক্ষা নিয়ন্ত্রক সংস্থা FSSAI (Food Safety and Standards Authority of India)। আর এই শর্তের জেরে মহারাষ্ট্রে বন্ধ হয়ে গিয়েছে রামের কেনা বেচা। যার ফলাফল মারাত্মক রূপ ধারণ করেছে। ৫০০ কোটি টাকারও বেশি ক্ষতির মুখে পড়েছে সংস্থা। বম্বে হাইকোর্টে এমনই দাবি করেছে ওল্ড মঙ্কের প্রস্তুতকারক মোহন রকি স্প্রিংওয়াটার প্রাইভেট লিমিটেড। শুধু সংস্থার ব্যবসাই নয়, এর প্রভাব পড়েছে সরকারের আবগারি রাজস্বেও। প্রস্তুতকারকের দাবি, রাজ্যের প্রায় ৩৫০ কোটি টাকার রাজস্ব ক্ষতি হয়েছে।
কী বলছে FSSAI?
বিতর্কের সূত্রপাত হয় মহারাষ্ট্রে অবস্থিত সংস্থার উৎপাদন ইউনিট পরিদর্শনের পর। FSSAI-এর আপত্তি, ওল্ড মঙ্কে ব্যবহৃত উপাদান এবং বোতলের লেবেলে দেওয়া তথ্য নিয়ে। নিয়ন্ত্রক সংস্থার বক্তব্য অনুযায়ী, নিউট্রাল স্পিরিটের সঙ্গে রামের ফ্লেভার মিশিয়ে তৈরি পানীয়কে সরাসরি ‘Rum’ বলা যায় কি? তাই পণ্যের পরিচয় স্পষ্ট করতে ‘Rum-like’ বা ‘রামের মতো’ উল্লেখ করার শর্ত দেওয়া হয়েছে। FSSAI-এর মতে, পানীয়ের প্রকৃত উপাদান সম্পর্কে ক্রেতাদের বিভ্রান্ত করা উচিত নয়। শুধু ‘Rum’ শব্দের ব্যবহার নয়, ওল্ড মঙ্কের বোতলে থাকা বয়স সংক্রান্ত দাবিতেও যথেষ্ট আপত্তি রয়েছে। ‘7 years old blended’ এবং ‘very old vatted’-এর মতো বর্ণনা নিয়ে প্রশ্ন তুলেছে নিয়ন্ত্রক সংস্থা।
এই পরিস্থিতিতে মহারাষ্ট্রে সংশ্লিষ্ট উৎপাদন ইউনিট থেকে ওল্ড মঙ্কের বিক্রির উপর বিধিনিষেধ জারি রয়েছে। প্রস্তুতকারক সংস্থার দাবি, এর ফলে তাদের ৫০০ কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে এবং রাজ্যের আবগারি দফতরের প্রায় ৩৫০ কোটি টাকার রাজস্ব কমেছে। সংস্থার আইনজীবী আদালতে আরও জানান, প্রায় ৩০০ কর্মী কাজ করতে পারছেন না। তাঁদের বক্তব্য, অন্য রাজ্যে পণ্য বিক্রি চললেও মহারাষ্ট্রে সংশ্লিষ্ট ইউনিটের বিক্রির উপর নিষেধাজ্ঞা থাকায় ব্যবসায় বড় ধাক্কা লেগেছে।
বিতর্ক মেটাতে এর আগে লেবেলের নতুন নকশা জমা দেওয়ার উদ্যোগ নিয়েছিল প্রস্তুতকারক সংস্থা। বয়স সংক্রান্ত বিতর্কিত বর্ণনা বাদ দেওয়া এবং ‘Added Flavour’ কথাটি আরও স্পষ্টভাবে উল্লেখ করার প্রস্তাবও দেওয়া হয়। কিন্তু সেই সংশোধিত লেবেল নিয়ে FSSAI-এর সম্মতি মেলেনি। ফলে দু’পক্ষের মধ্যে মতবিরোধ থেকেই যায়। ১২ অক্টোবরের শুনানিতে FSSAI-এর পক্ষ থেকে জানানো হয়, লেবেলে ‘Rum’-এর বদলে ‘Rum-like’ উল্লেখ করতে রাজি হলেই বিক্রির অনুমতি দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে, নয়তো বিক্রি বন্ধ থাকবে।
আরও পড়ুন: যে কলেজের সাফাইকর্মী মা, সেখান থেকেই পিএইচডি ডিগ্রি অর্জন করে নজির গড়লেন মেয়ে
এখন নজর আগামী ২৩ অক্টোবরের শুনানির দিকে। বম্বে হাইকোর্টে প্রধান বিচারপতি মহেশচন্দ্র ত্রিপাঠী ও বিচারপতি অদ্বৈত শেঠনার ডিভিশন বেঞ্চে মামলাটি ফের উঠবে। প্রস্তুতকারক সংস্থা আদৌ নাম পরিবর্তনে সম্মতি জানান কি না সেটাই দেখার বিষয়।










