সৌভিক মুখার্জী, কলকাতা: এসআইআর নিয়ে কাটাছেঁড়া কম হয়নি। হাতেগোনা চারটে দিন। তারপরই নির্বাচন বাংলায় (West Bengal Election 2026)। তবে এরই মধ্যে মুখ্য নির্বাচন কমিশনারের পদ থেকে জ্ঞানেশ কুমারকে (Gyanesh Kumar) সরাতে তৎপর হল বিরোধীদল তৃণমূল কংগ্রেস। আর তাতেই সাই জানিয়েছে কংগ্রেস থেকে শুরু করে ডিএমকে সহ বিরোধী দলগুলি। ইতিমধ্যেই ইমপিচমেন্ট নোটিশ তৈরির প্রস্তুতি শুরু করেছে বিরোধী শিবির (Opposition Party)। শনিবার কংগ্রেস মুখপাত্র রাহুল গান্ধীর সঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এ বিষয়ে ফোনালাপ হয়।
জ্ঞানেশ কুমারকে সরাতে তৎপর বিরোধী শিবির
উল্লেখ্য, এর আগেও জ্ঞানেশকে সরানোর জন্য উদ্যোগী হয়েছিল বিরোধীরা। সেবার সংসদে লিখিত প্রস্তাবও জমা দিয়েছিল তৃণমূল। তবে লোকসভার স্পিকার অম বিড়লা ও রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণণ সেই প্রস্তাব খারিজ করে দেন। আর এবার তাঁকে সরানোর জন্য ইমপিচমেন্ট নোটিশ পাঠানোর কাজ শুরু করেছে বিরোধীরা। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা হয় রাহুল গান্ধীর। আর সেখানেই জ্ঞানেশকে মুখ্য নির্বাচন কমিশনার পদ থেকে সরানোর বিষয়ে আলোচনা হয়। এমনকি বিরোধী দলের পাঁচ সাংসদ খসড়া তৈরির কাজ শুরু করেছে বলে জানাচ্ছে সংবাদ সংস্থা পিটিআই।
বলে রাখি, কোনও সাংবিধানিক পদ থেকে কাউকে সরানোর জন্য অন্তত ১০০ জন সাংসদের স্বাক্ষর দরকার হয়। তবে লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে তৃণমূলের মোট সাংসদ সংখ্যা ৪১। সেই কারণেই থাকছে ধোঁয়াশা। যদিও গতবার জ্ঞানেশকে সরানোর জন্য তৃণমূল কংগ্রেসই উদ্যোগী হয়েছিল। আর সেই প্রস্তাবে সমর্থন জানিয়েছিল ডিএমকে, কংগ্রেস থেকে শুরু করে বিভিন্ন বিরোধী দল। সেবার ১৪৯ জন বিরোধী সাংসদ সই করেছিলেন। তৃণমূল সূত্রে খবর, শনিবার বিরোধীদের বৈঠকে এই সংক্রান্ত আলোচনা হয়েছে।
আরও পড়ুন: অক্ষয় তৃতীয়ার দিন অনেকটাই বাড়ল সোনা, রুপোর দাম! আজকের রেট
লোকসভায় পাশ হল না সংবিধান সংশোধনী বিল
এদিকে মোদী সরকার এদিন লোকসভায় সংবিধান সংশোধনী বিল পেশ করাতে পারেননি। কারণ বিরোধীদের অসমর্থন। দরকার ছিল সংসদে উপস্থিত দুই-তৃতীয়াংশ ভোট। তবে হিসাব অনুযায়ী ৫২৮ জন সাংসদের মধ্যে মাত্র ২৯৮ জন পক্ষে ভোট দিয়েছিলেন। আর ২৩০ জন বিপক্ষে। সেই কারণেই কেন্দ্র বিল পেশ করাতে ব্যর্থ হয়। তবে ভবিষ্যতে সংসদে কোনও বিল পেশ করাতে গেলে এদিনের চিত্রটা যে কেন্দ্রের মনে রাখা উচিত তা বুঝিয়ে দিয়েছে বিরোধী শিবির। এখন দেখার, জ্ঞানেশকে সরানোর পক্ষে কতজন সাংসদ সমর্থন জানায়।










