বিক্রম ব্যানার্জী, কলকাতা: গতবছর পহেলগাঁও জঙ্গি হামলার পরই পাকিস্তানের সাথে হওয়া সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত করে দেয় ভারত (Indus Waters Treaty)। এর ফলে জল নিয়ে পশ্চিমের দেশে তৈরি হয়েছে হাহাকার। যে কারণে বারবার নরমে গরমে নয়া দিল্লিকে চুক্তি পুনর্বহাল করার কথা বলেছে ইসলামাবাদ।। তবে ভারত কিন্তু নিজের পুরনো সিদ্ধান্ত থেকে সরেনি।। সম্প্রতি এই ঘটনায় সব রকম পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি। এবার খানিকটা সুর নরম করে ভারতকে সিন্ধু জলচুক্তিকে সম্মান জানানোর আহ্বান জানাল পাকিস্তান।
ভারতকে উপদেশ দিচ্ছে পাকিস্তান!
বিগত দিনগুলিতে বারবার হুমকি দিয়ে কাজ না হওয়ায় এবার সুর নরম করল পাকিস্তান। সিন্ধু জলবন্টন চুক্তি নিয়ে ভারতকে বিশেষ উপদেশ ইসলামাবাদের। গত মঙ্গলবার, সিন্ধু জল বন্টন চুক্তির বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখার আহ্বান জানানো হয়েছে পাকিস্তানের তরফে। একই সাথে ভারতের উদ্দেশ্যে উপদেশ হিসেবে বলা হয়, ভারত যেন এই চুক্তিকে সম্মান করে। এদিন তাজিকিস্তানের রাজধানী দুশানবে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের আন্তর্জাতিক জল সম্মেলনে উপস্থিত ছিলেন পাকিস্তানের জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ সমন্বয়কারী মন্ত্রী ড: মুসাদিক মালিক সহ পাক প্রতিনিধিরা।
এদিন ওই অনুষ্ঠানের মঞ্চ থেকে ভাষণ দেওয়ার সময় মুসাদিক বলেন, “যৌথ জল বন্টন চুক্তি নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে ভারত! আন্তঃসীমান্ত নদীগুলিকে প্রভাবিত করে জল নিয়ে ভারতের একতরফা পদক্ষেপ আগামী দিনে বৈশ্বিক চ্যালেঞ্জে রূপান্তরিত হতে পারে।” ওই পাক মন্ত্রী ভারতকে জলচুক্তি নিয়ে সম্মান প্রদর্শন করতে এবং আন্তর্জাতিক মধ্যস্থতা ব্যবস্থা মেনে চলা আহ্বান জানিয়েছিলেন। তাঁর মতে, ভারত যেভাবে জলচুক্তি স্থগিত করে রেখেছে তা গোটা বিশ্বজুড়ে ভাটির দেশগুলিতে বিরূপ প্রভাব ফেলবে। এদিন ভারতকে পুনরায় নদীর জল ছাড়ার আহ্বান জানানোর পাশাপাশি জলবায়ু সংকট নিয়ে আশঙ্কা প্রকাশ করেন পাকিস্তানের ওই মন্ত্রী।
অবশ্যই পড়ুন: বাড়িতে তিনটের বেশি ঘর থাকলে মিলবে না অন্নপূর্ণা ভাণ্ডার? দিতে হবে ৭ ধরনের তথ্য
প্রসঙ্গত, সিন্ধু জলবন্টন চুক্তি নিয়ে পাকিস্তান বারবার নিজেদের মতামত রাখলেও ভারত তার পুরনো অবস্থানে অনড়। নয়া দিল্লির তরফে প্রথমেই একেবারে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছিল, রক্ত আর জল একসাথে বসবে না। পাকিস্তানের সাথে যদি কোনও বিষয় নিয়ে আলোচনা হয় তবে তা হবে সীমান্তে সন্ত্রাস বন্ধ করা নিয়ে। নিরীহদের উপর হওয়া হামলা কোনও ভাবেই বরদাস্ত করবে না ভারত।










