শিক্ষার্থীদের সামিল হওয়ার আহ্বান, ২০ জুলাই সংসদ অভিযানের ডাক সোনম ওয়াংচুকের

Published:

Sonam Wangchuk

সৌভিক মুখার্জী, কলকাতা: দিল্লির যন্তরমন্তর থেকে গতকাল জোরপূর্বক সোনম ওয়াংচুকের (Sonam Wangchuk) অনশন ভাঙিয়ে হাসপাতালে নিয়ে যায় দিল্লি পুলিশ। ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয় গতকাল রাজধানীতে। এমনকি সোনমের অনশন ভাঙার পর কক্রোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে নিজেই গতকাল থেকে অনশনের ঘোষণা করেছেন। এদিকে হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসা নিতে নারাজ লাদাখের শিক্ষাবিদ। আর এবার হাসপাতাল থেকেই সরাসরি তিনি সংসদ অভিযানের ডাক দিলেন।

শিক্ষার্থীদের কাছে বড় আহ্বান সোনম ওয়াংচুকের

আসলে সোনম ওয়াংচুকের নেতৃত্বে আগামী ২০ জুলাই একটি বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। কিন্তু তার আগেই তাঁর অনশন ভাঙতে বাধ্য করে দিল্লি পুলিশ। জোরপূর্বক হাসপাতালে নিয়ে যাওয়ার পর বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। আর আজ অর্থাৎ রবিবার শিক্ষার্থীদের প্রতি তিনি আহ্বান জানালেন যে, তারা যেন ২০ জুলাই আয়োজিত ভারতের দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনে সামিল হয়। আসলে নিট-ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে অনিয়মের জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে কক্রোচ জনতা পার্টি ২০ জুলাই সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিন একটি পদযাত্রার পরিকল্পনা করেছে।

এক্স হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে সোনম ওয়াংচুক শিক্ষার্থীদের কাছে এই অভিযানকে সাফল্যমন্ডিত করে তোলারই আহ্বান জানিয়েছেন। এমনকি তিনি লিখেছেন, ভারতের দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন। অবিচার থেকে মুক্তি, আর ভয় থেকে মুক্তি। এমনকি তাঁর কথা অনুযায়ী, এই আন্দোলনের নেতৃত্ব দেবেন সিজেপি-র নেতা অভিজিৎ দীপকে।

আরও পড়ুন: শিল্পে সমৃদ্ধ হবে বাংলা! আজ হাওড়ায় বিশ্বের বৃহত্তম দই কারখানার শিলান্যাসে অমিত শাহ

এদিকে জানা গিয়েছে, ওয়াংচুককে বর্তমানে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। সফদরজং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তিনি। তাঁর শারীরিক অবস্থায় কিছুটা পরিবর্তন হয়েছে। এমনকি বিশেষজ্ঞদের একটি টিম তাঁর শারীরিক অবস্থার উপর নজরদারি চালাচ্ছে। হাসপাতালের এক স্বাস্থ্য বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে, ভিএমএমসি এবং সফদরজং হাসপাতালে সোনম ওয়াংচুকের প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হচ্ছে। বর্তমানে তাঁর গুরুত্বপূর্ণ শারীরিক সূচকগুলি স্থিতিশীল রয়েছে, আর রক্তে শর্করার উপাদানেও সামান্য পরিবর্তন হয়েছে। তবে দীর্ঘদিন অনশনের ফলে তাঁর ধারাবাহিক চিকিৎসার প্রয়োজন।