সৌভিক মুখার্জী, কলকাতা: এবার শিক্ষার্থীদের জন্য রিল ও শর্টস তৈরি করবেন শিক্ষকরা (Teacher)। বড় উদ্যোগ রাজ্য সরকারের। পড়ুয়াদের ডিজিটাল জগতের সঙ্গে আরও পরিচয় করাতে এবার এই সিদ্ধান্ত। সরকারি স্কুলগুলিতে পাঠদান প্রক্রিয়ায় এবার সম্পূর্ণ বদল আনা হচ্ছে রাজ্যে। প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের মধ্যে কঠিন বিষয়গুলিকে সহজ করে তোলার জন্যই ডিজিটাল মাধ্যম ব্যবহার করা হবে। সেই সূত্রে জেন-জি এবং জেন-আলফা প্রজন্মের পছন্দ অনুযায়ী ছোট ছোট ভিডিও, রিল এবং অ্যানিমেটেড ভিডিও তৈরি করা হবে।
শিক্ষার্থীদের জন্য বড় উদ্যোগ রাজ্য সরকারের
এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে উত্তরপ্রদেশ সরকারের তরফ থেকে। রাজ্যটির সমস্ত সরকারি স্কুলে পাঠরত শিক্ষার্থীদের জন্যই এই নয়া কর্মসূচি শুরু করেছেন রাজ্যের মুখ্য সচিব পার্থসারথি সেন শর্মা। এর প্রধান উদ্দেশ্যই হল শিক্ষার্থীদের থেকে সংশয় দূর করা এবং শিক্ষাকে আরও ইন্টারেক্টিভ গড়ে তোলা। এমনকি বোর্ড পরীক্ষার জন্য আগের অনলাইন ইউটিউব সেশনগুলি শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলায় এই নয়া উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
রাজ্যের স্টেট ইনস্টিটিউট অফ এডুকেশনাল টেকনোলজিকে এই উদ্যোগের দায়িত্ব দেওয়া হয়েছে বলেই দাবি করছে বেশ কিছু রিপোর্ট। এই প্রতিষ্ঠানটি এখন শিক্ষকদের উপযুক্ত রিল এবং শর্ট তৈরি করার জন্য নিযুক্ত করেছে। এমনকি তাদেরকে বিশেষ প্রশিক্ষণও দিচ্ছে। পাশাপাশি সম্প্রতি বাগ্যবিহীন দিবস উপলক্ষে তৈরি একটি ভিডিও বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। আর সেই ভিডিওগুলিকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য অ্যানিমেশন ব্যবহার করা হবে বলেও জানানো হয়েছে সংস্থার তরফ থেকে।
আরও পড়ুন: শিক্ষক ও অভিভাবকদের ব্যবহার করতেই হবে ‘PM eVidya App’, নির্দেশ সমগ্র শিক্ষা মিশনের
এছাড়া এসআইটি-র তরফ থেকে শিক্ষার্থীদের কাছে বিষয়বস্তু যাতে সহজেই পৌঁছে যায়, তার জন্য ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ চালু করা হয়েছে। প্রতিনিয়ত এই চ্যানেলগুলিতে ভিডিও আপলোড করা হবে। পাশাপাশি এই ভিডিওগুলি নিপুন ইউপি-র অফিসিয়াল ইউটিউব চ্যানেলেও আপলোড করা হবে। যেখানে পরবর্তী সময় শিক্ষার্থীরা তাদের প্রয়োজন মতো ভিডিও দেখে মতামত জানাতে পারবে।










