শিক্ষক ও অভিভাবকদের ব্যবহার করতেই হবে ‘PM eVidya App’, নির্দেশ সমগ্র শিক্ষা মিশনের

Published:

PM eVidya App

সৌভিক মুখার্জী, কলকাতা: পড়ুয়াদের স্বার্থে এবার শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের জন্য বড় নির্দেশিকা জারি করল পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন। পঠন-পাঠনের ক্ষেত্রে ডিজিটাল শিক্ষা পদ্ধতিকে আরও শক্তিশালী করতে বাধ্যতামূলক করা হল পিএম ই-বিদ্যা মোবাইল অ্যাপ্লিকেশন (PM eVidya App)। জাতীয় শিক্ষানীতি ২০২০ অনুযায়ী এবার প্রত্যেক শিক্ষক ও অভিভাবকদের মোবাইলে এই অ্যাপ ডাউনলোড করতে হবে বলেই জানিয়েছে সরকার। এমনকি তা ব্যবহারের জন্যও নির্দেশিকা জারি করা হয়েছে।

বড় নির্দেশ রাজ্যের শিক্ষা মিশনের

শিক্ষা মিশনের তরফ থেকে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, প্রত্যেক শিক্ষক এবং অভিভাবককে এই অ্যাপটি বাধ্যতামূলকভাবে ব্যবহার করতে হবে। প্রথম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য পঠন-পাঠন সংক্রান্ত বিভিন্ন রকম তথ্য থাকবে এই অ্যাপে। এছাড়া বাংলা ভাষা সহ অন্যান্য বিভিন্ন ভাষা যুক্ত থাকবে। আর প্রত্যেকটি ভাষাতেই ই-কনটেন্ট উপলব্ধ থাকবে এই অ্যাপে। এছাড়া শিক্ষকদের প্রশিক্ষণের জন্য ট্রেনিং মডিউল যুক্ত থাকবে এই অ্যাপটিতে। প্রাথমিক স্তরের পড়ুয়াদের জন্য থাকবে অডিও বুক, গল্প এবং বিভিন্ন ইন্টারঅ্যাকটিভ লার্নিং মেটেরিয়াল।

বিশেষ করে পড়ুয়াদের পঠন-পাঠন আরও উন্নত করতে এবং পেশাগত দক্ষতা বাড়ানোর জন্যই এই অ্যাপটিকে ব্যবহারের নির্দেশ দিয়েছে শিক্ষা মিশন। শিক্ষকরা বিভিন্ন মডিউল এই অ্যাপে আপলোড করতে পারবেন, এবং অভিভাবকরা সহজেই সেই অ্যাপ ডাউনলোড করে বাড়িতেই সন্তানদের পড়াশোনার ক্ষেত্রে সাহায্য ও নজরদারি চালাতে পারবেন। এতে স্কুলের সঙ্গে পড়ুয়াদের পড়াশোনার সামঞ্জস্যতা বজায় থাকবে।

আরও পড়ুন: উত্তরবঙ্গে বিপর্যয়ের জেরে অতিরিক্ত বাস ঘোষণা সরকারের, কোন রুটে কটি?

এমনকি স্কুলের প্রত্যেক শিক্ষক যাতে এই অ্যাপ ডাউনলোড করেন, সেই তথ্য নিশ্চিত করবেন প্রধান শিক্ষক। শিক্ষা মিশনের তরফ থেকে জানানো হয়েছে, বিশেষ অগ্রাধিকার দিয়েই এই কাজটিকে সম্পন্ন করতে হবে। এমনকি কতজন শিক্ষক ও অভিভাবক এই অ্যাপ ডাউনলোড করছে সেই রিপোর্ট আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই উদ্যোগের ফলে পড়ুয়ারা ডিজিটাল জগতের সঙ্গে নিজেদেরকে আরও মানিয়ে নিতে পারবে এবং স্কুলের পঠন-পাঠনের সঙ্গে খাপ খাইয়ে চলা যাবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।