সৌভিক মুখার্জী, কলকাতা: টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গ। গতকাল ফারাক্কার কাছে রেললাইনে হঠাৎ করে ধস নামার জেরে ব্যাহত হয়েছে ট্রেন চলাচল। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের যাতায়াত সম্পূর্ণ বন্ধ। বাতিল করা হয়েছে একাধিক ট্রেন। এর কারণে হাজার হাজার যাত্রীকে যে বিপাকে পড়তে হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। তবে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এবার বিরাট পদক্ষেপ নিল রাজ্যের পরিবহন দফতর। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মধ্যে এবার চালু করা হল বিশেষ বাস পরিষেবা (Special Bus)।
উত্তরবঙ্গ রুটে অতিরিক্ত বাস পরিষেবা
উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গের মধ্যে যাত্রীদের যাতায়াত সুনিশ্চিত করতে একাধিক রুটে সরকারি বাস চালানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে রাজ্যের পরিবহন দফতরের তরফ থেকে। যার মধ্যে উল্লেখযোগ্য হল কলকাতা – শিলিগুড়ি রুট। এই রুটে আজ নতুন করে ২৩টি অতিরিক্ত বাস পরিষেবার জন্য নামানো হয়েছে। এছাড়া মালদহ পর্যন্ত চলা বাসগুলিকে শিলিগুড়ি পর্যন্ত সম্প্রসারিত করা হয়েছে। আর এই রুটেও অতিরিক্ত ৬টি বাস যোগ করা হয়েছে।
এদিকে শিলিগুড়ি – কলকাতা রুটে কলকাতার উদ্দেশ্যে আজ শিলিগুড়ি থেকে ১৮টি বাস ছাড়ছে। এই লাইনে ১২টি অতিরিক্ত বাস যুক্ত করা হয়েছে। কলকাতা – বালুরঘাট রুটে ২টি অতিরিক্ত বাস বরাদ্দ করা হয়েছে। দুর্গাপুর – বালুরঘাট রুটেও অতিরিক্ত ২টি বাস দেওয়া হয়েছে। তাছাড়া মালদহ – কলকাতা রুটে অতিরিক্ত ৫টি বাস যোগ করা হয়েছে শুধুমাত্র যাত্রীদের কথা মাথায় রেখে। এছাড়া কলকাতার নিউ এসপ্ল্যানেড বাস টার্মিনাস থেকে শিলিগুড়ির এনজিপি বাস টার্মিনাস পর্যন্ত সন্ধ্যাবেলা বিশেষ পরিষেবা চালু করা হয়েছে।
আরও পড়ুন: সোমবার থেকেই ৬০ লক্ষ অ্যাকাউন্টে দেওয়া হবে ১৫০০ করে, কারা পাবেন জানুন
তবে গতকাল ট্রেন বন্ধ হওয়ায় বাসের ভাড়া রাতারাতি বেড়ে যায় কয়েকগুণ। অভিযোগ ওঠে, কোথাও কোথাও নাকি ৮০০ টাকার ভাড়া ২০০০ টাকা পর্যন্ত করা হয়েছে। তবে রাজ্য সরকারের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা এবং দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার পরিচালকদের এ বিষয়ে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, যাতে স্টেশন বা বাস টার্মিনালে যাত্রীদের ভিড় বা চাহিদার উপর ভিত্তি করে অতিরিক্ত বাস মোতায়েন করা হয় এবং হঠাৎ করে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত না নেওয়া হয়। এমনকি রাজ্যের বিভিন্ন জেলার জেলা শাসকদের এ বিষয়ে নির্দেশিকা পাঠানো হয়েছে।










