বিক্রম ব্যানার্জী, কলকাতা: বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন যাত্রীরা (Train Accident)। রক্ষা পেল বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। যদিও পুরোপুরি রক্ষা পায়নি ভারতীয় রেলের গর্বের এই ট্রেন। জানা যাচ্ছে, হাজারিবাগ স্টেশন থেকে 10 কিলোমিটার আগে বিপাকে পড়ে রাঁচি থেকে পাটনাগামী বন্দে ভারত এক্সপ্রেস। ঘটনাটি গতকাল গভীর রাতের। এই সময় চারহি এবং বেস রেল স্টেশনের মাঝে প্রচুর সংখ্যক কাঠ বোঝাই একটি ট্রাক্টরের ট্রলি রেল লাইনের উপর উঠে গেলে পরবর্তীতে তাতেই ধাক্কা মারে ওই বন্দে ভারত এক্সপ্রেস। যে ঘটনায় ট্রেনটির সামনের অংশ একপ্রকার দুমড়ে মুছড়ে গিয়েছে। তবে হতাহতের খবর মেলেনি।
অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা
ট্রেন নম্বর 22350 রাঁচি-পাটনা বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি বিহারের পাটনার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। এমন সময়, ওই ট্রেন হাজারীবাগ স্টেশনের কাছাকাছি পৌঁছতেই রেলগেটের উপর চলে আসে একটি কাঠ বোঝাই বড় ট্রাক্টর। পরবর্তীতে চালক চেষ্টা করেও ট্রলি সমেত ট্রাক্টরটি সেখান থেকে সরাতে পারেননি। এদিকে দ্রুত গতিতে ছুটে আসছিল বন্দে ভারত। সামনে ট্রাক্টর দেখতে পেয়ে চালক ট্রেনটি নিয়ন্ত্রণ করার যথাসাধ্য চেষ্টা করেছিলেন। কিন্তু তা সত্ত্বেও ট্রাক্টরটিকে সজোরে ধাক্কা মারে ওই ট্রেন। আর তাতেই বন্দে ভারত এক্সপ্রেসটির ফ্রন্ট নোজ সেকশন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
জানা গিয়েছে, দুর্ঘটনার কারণে অন্তত 41 মিনিট দুর্ঘটনাস্থলে দাঁড়িয়েছিল ওই ট্রেনটি। এদিকে গোটা ঘটনার কথা রেলের ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে স্থানীয় পুলিশকে জানান ট্রেনটির চালক এবং গার্ড। পরবর্তীতে দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি সেখানে ছুটে যায় রেলের কারিগরি দল। তাঁরাই দীর্ঘক্ষণ দুর্ঘটনাস্থল পরিদর্শন করে রেল ট্র্যাক পরিষ্কার করে দিলে ফের পাটনার উদ্দেশ্যে রওনা দেয় ওই ট্রেন।
हजारीबाग के पास रांची–पटना वंदे भारत एक्सप्रेस ट्रैक्टर से टकरा गई। 🚆💥🚜
इंजन का आगे का हिस्सा क्षतिग्रस्त, ट्रेन करीब आधे घंटे रुकी… गनीमत रही कि किसी यात्री को चोट नहीं आई।
लेकिन सवाल सिर्फ ट्रैक्टर का नहीं है—रेलवे ट्रैक की सुरक्षा और निगरानी आखिर किसकी जिम्मेदारी है?… pic.twitter.com/OJVsRD4FFr
— Hazaribagh Rail Users (@HazaribaghRail) August 28, 2026
আরও পড়ুন: জঙ্গি আফতাবের সেলে ৩ মোবাইল ফোন সহ একাধিক ডিভাইস, হইচই কাণ্ড প্রেসিডেন্সি জেলে
যদিও আচমকা এমন ভয়াবহ দুর্ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছিলেন ট্রেনে উপস্থিত যাত্রীরা। ট্রেন দীর্ঘক্ষণ মাঝ রাস্তায় দাঁড়িয়ে থাকায় বেশ কয়েকজন যাত্রীকে ট্রেন থেকে নেমে যেতেও দেখা যায়। তবে স্বস্তির বিষয়, এই দুর্ঘটনায় ক্ষতি হয়নি কারও। তবে বন্দে ভারতের মতো এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনার কবলে পড়ায় প্রশ্ন উঠছে রেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। সিগন্যাল থাকা সত্ত্বেও কীভাবে কাঠ বোঝাই ট্রাক্টরটি রেল ট্রাকে উঠে এল প্রশ্ন উঠছে তা নিয়েও।










