জঙ্গি আফতাবের সেলে ৩ মোবাইল ফোন সহ একাধিক ডিভাইস, হইচই কাণ্ড প্রেসিডেন্সি জেলে

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: জেলের ভেতরেই চলতো ফোনালাপ! যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কুখ্যাত জঙ্গি আফতাব আহমেদ আনসারির (Aftab Ansari) প্রেসিডেন্সি জেলের (Presidency Jail) সেলে তল্লাশি চালিয়ে উদ্ধার হল তিন তিনটি মোবাইল ফোন। শুধু তাই নয়, ওই অভিযুক্তের কাছ থেকে নগদ টাকা সহ একাধিক নিষিদ্ধ ইলেকট্রনিক ডিভাইসও পাওয়া গিয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, জেলের ভেতরে বসেই খুব সম্ভবত নিজের কুখ্যাত সঙ্গীদের সাথে যোগাযোগ রাখছিলেন আফতাব। এও জানা যাচ্ছে, জেলের ভেতরে ইচ্ছেমতো ইন্টারনেটও ব্যবহার করতো সে।

পাকিস্তানে যোগাযোগ রাখছিল আফতাব?

পুলিশ সূত্রে খবর, জেলের ভেতরে বসেই মোবাইল ফোন ব্যবহার করে নিজের সঙ্গীদের সাথে যোগাযোগ রাখছিল কুখ্যাত জঙ্গি আফতাব। যেই ঘটনায় কারা কর্তৃপক্ষের তরফে হেস্টিংস থানায় দায়ের হয়েছে অভিযোগ। পুলিশের ধারণা, জেলের ভেতরেই বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস এবং মোবাইল ফোনের সহায়তায় নানান অপকর্ম চালাচ্ছিল ওই জঙ্গি। হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও টেলিগ্রামের সাহায্যে আফতাব কোন কোন জঙ্গিদের সাথে যোগাযোগ রাখছিল সেই সবটাই খতিয়ে দেখছে পুলিশ।

শুধু তাই নয়, পুলিশ এও আশঙ্কা করছে ওই আফতাব জেলের ভেতরে বসে কোনওভাবে পাকিস্থানে যোগাযোগ করছিল কিনা। তাঁর ফোন থেকে পাকিস্তানের কোনও নম্বরে কল গিয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। সবমিলিয়ে, যাবজ্জীবন কারাদন্ডে দণ্ডিত হয়ে জেলবন্দী হওয়ার পরেও নিজের অপকর্ম বন্ধ করছে না কুখ্যাত জঙ্গি হিসেবে পরিচিত আফতাব আনসারি। এর পাশাপাশি প্রেসিডেন্সি জেলের ভেতরে কীভাবে পুলিশি নিরাপত্তার চোখ এড়িয়ে সে বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস এবং ফোন পেল তা নিয়েও উঠছে প্রশ্ন।

আরও পড়ুন: ১১ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ পাণ্ডুয়ায়, গ্রেফতার সেবায়েত সহ এক মহিলা

উল্লেখ্য, সম্প্রতি সূত্র মারফত খবর পেয়ে প্রেসিডেন্সি জেলের 14 নম্বর সেলে তল্লাশি চালান আধিকারিকরা। সেখানেই আফতাবের বিছানাপত্র এবং জামাকাপড় ঘেটে উদ্ধার হয় তিন তিনটি মোবাইল ফোন। এছাড়াও ওই সেল থেকেই উদ্ধার হয়েছে দুটি রাউটার, ওয়াইফাইয়ের যন্ত্র, দুটি কার্ড রিডার, ইয়ারফোন এবং একটি পেন ড্রাইভ। এর পাশাপাশি নগদ 31 হাজার টাকা উদ্ধার হয়েছে আফতাবের সেল থেকে।