অস্থির বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে ভারতে আসছে বিশ্বের বিখ্যাত সব ফ্যাশন ব্র্যান্ড

Published:

Textile

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শ্রমিক অসন্তোষ থেকে শুরু করে উৎপাদন ব্যাহত হওয়া এবং বাড়তে থাকা খরচের জেরে এবার বড়সড় ধাক্কা খেলো বাংলাদেশের (Bangladesh) পোশাক শিল্প। বিশ্বের বিখ্যাত সব ফ্যাশন ব্রান্ড বাংলাদেশের অস্থিরতার কথা মাথায় রেখে তাদের গার্মেন্টসের (Garments) অর্ডার এশিয়ার অন্যান্য দেশগুলিতে সরিয়ে নিতে শুরু করেছে। রায়টার্সের রিপোর্ট অনুযায়ী, এতে সবচেয়ে বেশি সুবিধা হয়েছে ভারতের (India)। বিশ্ব বিখ্যাত ফ্যাশন ব্র্যান্ডগুলি বাংলাদেশকে পাশ কাটিয়ে এবার দেশের পোশাক শিল্পে ঝুঁকছে।

বাংলাদেশের অস্থিরতায় ভরসা ভারত

ন্যূনতম মজুরি থেকে শুরু করে ভাতা বৃদ্ধির দাবিতে বাংলাদেশে ক্রমাগত বিক্ষোভ দেখিয়েছেন শ্রমিকরা। তাতে ক্রমশ ভয়াবহ হয়ে উঠেছে পরিস্থিতি। এদিকে শেখ হাসিনা ডিসেম্বরে ফেরার আগেই অশান্ত হয়ে উঠেছে পদ্মাপাড়। দিকে দিকে ছড়িয়ে পড়েছে রাজনৈতিক হিংসা। আগুন লাগিয়ে দেওয়া হয়েছে রাজনৈতিক ব্যক্তিত্বদের বাড়িতে। নড়াইলে পুড়েছে হিন্দুদের বসতিও। পরিস্থিতি সামাল দিতে ওপার বাংলার বিভিন্ন জায়গায় নামানো হয়েছে সেনাবাহিনীকে। আর এই অস্থির পরিস্থিতির কথা মাথায় রেখে ধীরে ধীরে বাংলাদেশ থেকে অর্ডার সরিয়ে ভারত সহ এশিয়ার বিভিন্ন দেশের পোশাক শিল্পে ঝুঁকছে সংস্থাগুলি।

প্রতিবেদন অনুযায়ী, গত পহেলা নভেম্বর থেকে 18 নভেম্বরের মধ্যে বাংলাদেশ থেকে প্রায় 254 মিলিয়ন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় 23,600 কোটি টাকা মূল্যের পোশাকের অর্ডার সরিয়ে নিয়েছে বিশ্বের বিভিন্ন ফ্যাশন ব্র্যান্ড। আর এর বড় অংশই এসেছে ভারতে। বাংলাদেশের তিন পোশাক কারখানার মালিকদের দেওয়ার তথ্য অনুযায়ী, জারা, এইচ অ্যান্ড এম, মার্কস অ্যান্ড স্পেন্সার এবং সেলিও-র মতো আন্তর্জাতিক ব্র্যান্ডগুলি নিজেদের অর্ডার ভারত সহ অন্যান্য দেশে সরিয়ে নিয়ে গিয়েছে।

বাংলাদেশের গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বা BGMEA-র তথ্য অনুযায়ী, বাংলাদেশের পোশাক শিল্পে সাম্প্রতিক শ্রমিক অসন্তোষের কারণে উৎপাদনে 400 মিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে। তাছাড়াও শ্রমিকদের ন্যূনতম মজুরি 36 শতাংশ বাড়ানোর সিদ্ধান্তে উৎপাদন খরচ বৃদ্ধির চাপ পড়েছে। সব মিলিয়ে, বাংলাদেশের অর্থনীতির অন্যতম বড় মেরুদন্ড পোশাক শিল্প এখন বড়সড় ক্ষতির মুখে।

আরও পড়ুন: পরীক্ষার ডিউটি ফেলে মসজিদে নামাজে মগ্ন ৭ শিক্ষক, বিতর্ক তুঙ্গে কোচবিহারে

এদিকে, বাংলাদেশের অস্থির পরিস্থিতির মাঝে সবচেয়ে বড় সুবিধাভোগী হয়ে উঠেছে ভারত। তবে শুধু দিল্লি একা নয় বরং, ভিয়েতনাম, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়ার মতো দেশগুলিও এই মুহূর্তে পোশাক শিল্পে বাংলাদেশের অন্যতম বিকল্প হয়ে উঠতে চলেছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, আন্তর্জাতিক পোশাক ব্রান্ডগুলির কাছে এই মুহূর্তে পোশাকের দাম কম হওয়া নয়, সময়মতো পণ্য সরবরাহের বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। মনে করা হচ্ছে, বাংলাদেশের ক্ষেত্রে যেখানে উৎপাদন এবং ডেলিভারি মিলিয়ে প্রায় 120 থেকে 130 দিন সময় লেগে যাবে, সেখানে ভারত বা অন্য কোনও দেশের ক্ষেত্রে এই সময়টা কমে 80 থেকে 90 দিন হতে পারে।

google button