প্রীতি পোদ্দার, কলকাতা: স্কুলে পরীক্ষা চলাকালীন ডিউটি ছেড়ে মসজিদে নামাজ পড়তে ছুটলেন ৭ শিক্ষক (Namaz Controversy)। আর এই অভিযোগকে কেন্দ্র করে তীব্র বিতর্ক ছড়াল কোচবিহার জেলার তুফানগঞ্জের বলরামপুর হাই স্কুলে। এদিকে সাতজন শিক্ষকের বিরুদ্ধে নমাজ পড়ার অভিযোগকে (Balrampur Namaz Controversy) ঘিরে শুক্রবার দুপুর থেকেই ক্ষুব্ধতা প্রকাশ করে অভিভাবকরা। তাঁদের দাবি, পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ সময়ে শিক্ষকদের এভাবে স্কুল ছেড়ে যাওয়া অনুচিত। এতে স্কুলের সার্বিক শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়।
ঠিক কী ঘটেছিল?
প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, গতকাল শুক্রবার, কোচবিহার জেলার তুফানগঞ্জের বলরামপুর হাই স্কুলে পড়ুয়াদের বার্ষিক পরীক্ষা চলছিল। আর সেই পরীক্ষার ডিউটিতে ছিলেন ৭ জন শিক্ষক। কিন্তু পরীক্ষার ডিউটি চলাকালীন আচমকাই ওই শিক্ষকেরা স্কুল ছেড়ে কাছাকাছি একটি মসজিদে নামাজ পড়তে যান। আর তাই নিয়ে অভিভাবকরা ক্ষুব্ধতা প্রকাশ করে। এদিকে সেই খবর হিন্দু জাগরণ মঞ্চের সদস্যদের কাছে পৌঁছলে তড়িঘড়ি তাঁরা স্কুলে এসে প্রতিবাদ জানান। স্কুল ছেড়ে মসজিদে নামাজ পড়তে যাওয়ার কোনো অর্ডার নোটিস আছে কিনা সেই নিয়েও প্রশ্ন তোলেন তাঁরা।
বলরামপুর হাই স্কুলের কিছু শিক্ষক প্রতি শুক্রবারে স্কুল চলাকালিন পঠন পাঠন বন্ধ করে স্কুলের বাইরে মসজিদে নামাজ পড়তে যান । pic.twitter.com/LpD6mU7KBF
— Tolamul Monitor (@TMCWatch) November 28, 2026
পাল্টা সাফাই সংশ্লিষ্ট শিক্ষকদের
স্থানীয় বাসিন্দা ও অভিভাবকদের একাংশের অভিযোগ, ওই শিক্ষকেরা দীর্ঘদিন ধরেই শুক্রবার স্কুল চলাকালীন বাইরে বেরিয়ে মসজিদে নামাজ পড়তে যান। গতকাল, শুক্রবারও স্কুলে পরীক্ষা চলাকালীনও তাঁরা একই কাজ করেছেন। অভিযুক্ত শিক্ষকেরা এই অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন যে তাঁরা পঠনপাঠনের ক্ষতি করেননি। তাঁদের মতে, দুপুর ১টা থেকে ১টা ৩০ মিনিটের নির্ধারিত টিফিনের বিরতিতেই তাঁরা বাইরে গিয়েছিলেন। কিন্তু সেই দাবি মানতে নারাজ হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা। তাঁদের কথায় আপনাদের এই কর্মকাণ্ডে বাকি শিক্ষকরাও একই কাজ করবে, যেটা অনুচিত।
আরও পড়ুন: সাতসকালে রণক্ষেত্র SRFTI! ভাঙা হল ধর্নামঞ্চ, পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ
ঘটনা প্রসঙ্গে, বলরামপুর হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পার্থ প্রতিম দে জানিয়েছেন, অভিযুক্ত শিক্ষকদের আগেও সতর্ক করা হয়েছিল। কিন্তু তাঁরা সেই সতর্ক মানেননি। শুক্রবারের ঘটনার পর লিখিত অভিযোগ জমা পড়েছে সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে। জানা গিয়েছে, তাঁদের বিরুদ্ধে শোকজ নোটিশ পাঠানো হবে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।


