ছাদে সোলার প্যানেল বসানোর নয়া নিয়ম আনছে সরকার, বাধ্যতামূলক হচ্ছে ব্যাটারি স্টোরেজ

Published:

Rooftop Solar System

অনন্যা সরকার, কলকাতা: ভারত সরকার সম্প্রতি ছাদের ওপর সোলার প্যানেল (Rooftop Solar System) স্থাপনকারী গ্রাহকদের জন্য নতুন কিছু নিয়ম চালু করেছে। বিদ্যুৎ মন্ত্রক ‘ইলেকট্রিসিটি (রাইটস অফ কনজিউমার্স) রুলস, ২০২০’-এর খসড়া সংশোধনী প্রকাশ করেছে। এতে একটি নির্দিষ্ট শক্তির বেশি সক্ষমতাসম্পন্ন রুফটপ সোলার সিস্টেমে ব্যাটারি স্টোরেজ বা ব্যাটারির মাধ্যমে বিদ্যুৎ সংরক্ষণের ব্যবস্থা রাখা বাধ্যতামূলক করার প্রস্তাব করা হয়েছে। আসুন এ বিষয়ে বিশদে জেনে নেওয়া যাক। 

সোলার প্যানেলের জন্য নয়া নিয়ম 

নতুন এই সংশোধনী অনুযায়ী, স্টেট ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন (SERC) বা রাজ্য বিদ্যুৎ নিয়ন্ত্রক কমিশনগুলি নির্ধারণ করবে যে, কত ক্ষমতার সোলার সিস্টেমের ক্ষেত্রে এনার্জি স্টোরেজ সিস্টেম (ESS) বাধ্যতামূলক হবে। যদি কোনো কমিশন নির্দিষ্ট কোনো সীমা নির্ধারণ না করে দেয়, তবে ১০ কিলোওয়াট (kW)-এর বেশি ক্ষমতার সিস্টেমগুলোর ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে। 

বলা হয়েছে যে, এ ধরনের বড় আকারের সোলার প্যানেলগুলোতে এমন ব্যাটারি স্টোরেজের ব্যবস্থা থাকতে হবে, যা প্রতিদিনের উৎপাদিত বিদ্যুতের অন্তত ২০ শতাংশ সংরক্ষণ করতে সক্ষম। যেহেতু গৃহস্থ বাড়িতে সাধারণত ৩ থেকে ৫ কিলোওয়াট ক্ষমতার সোলার সিস্টেম বসানো হয়, তাই অধিকাংশ গৃহস্থ ব্যক্তি সরাসরি এর আওতায় পড়বেন না।

আরও পড়ুন: Jio, Airtel, Vi গ্রাহকদের জন্য বড় খবর! কলিংয়ে বড় বদল আনছে TRAI, জানুন নতুন নিয়ম

উল্লেখযোগ্যভাবে,‘নেট মিটারিং’ (Net Metering) ব্যবস্থাতেও পরিবর্তন করার প্রস্তাব দেওয়া হয়েছে। নির্ধারিত ক্ষমতার বাইরে গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করলে বা ব্যবহার করলে অতিরিক্ত চার্জ দিতে হতে পারে। এর ফলে গ্রিডের ওপর অতিরিক্ত চাপ কমবে এবং বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোকে (DISCOMs) বিদ্যুতের চাহিদা ও সরবরাহের মধ্যে ভারসাম্য বজায় রাখতে সহায়তা করবে।

জানিয়ে রাখি, ব্যাটারি স্টোরেজ সংক্রান্ত এই নিয়ম ২০২৮ সালের ১ এপ্রিল থেকে কার্যকর করা হতে পারে, যাতে গ্রাহক ও সংশ্লিষ্ট পার্টনাররা প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় পান। এছাড়া, ‘টাইম-অফ-ডে’ (ToD) ট্যারিফ বা দিনের বিভিন্ন সময়ের ওপর ভিত্তি করে বিদ্যুৎ মূল্য নির্ধারণের পদ্ধতির বাস্তবায়নের সময়সীমা বাড়ানোরও প্রস্তাব করা হয়েছে ওই সংশোধনী খসড়ায়। নতুন সময়সীমা অনুযায়ী, ১০ কিলোওয়াট-এর বেশি ক্ষমতার সোলার প্যানেলের গ্রাহকদের জন্য এটি ২০২৮ সালের ১ এপ্রিল থেকে এবং কৃষি ক্ষেত্র বাদে অন্যান্য গ্রাহকদের জন্য ২০২৯ সালের ১ এপ্রিল থেকে কার্যকর হবে।

সরকারের তরফে বলা হয়েছে যে, সম্প্রতি ব্যাটারির দাম কমায় দিনের বেলায় উৎপাদিত অতিরিক্ত সৌরশক্তি সংরক্ষণ করা সহজ হবে, যা সন্ধ্যার ‘পিক আওয়ার’ বা সর্বোচ্চ চাহিদার সময়ে ব্যবহার করা যাবে। এটি গ্রিডকে স্থিতিশীল রাখতে সাহায্য করার পাশাপাশি, বাণিজ্যিক ও শিল্প ক্ষেত্রের গ্রাহকদের খরচ নিয়ন্ত্রণে সহায়তা করবে এবং বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোর জন্যও ব্যয়বহুল বিদ্যুৎ কেনার প্রয়োজনীয়তা কমাবে।

google button