অনন্যা সরকার, কলকাতা: জাতীয় স্তরে বাংলার মেয়ের অভূতপূর্ব সাফল্য (Success Story)। হাওড়ার শ্যামপুরের বাসিন্দা পল্লবী প্রামাণিক এ বছরের ‘অল ইন্ডিয়া ট্রেড টেস্ট’ (AITT)-এ ১২০০-এর মধ্যে ১২০০ নম্বর পেয়ে কারিগরি শিক্ষাক্ষেত্রে রাজ্য তথা জাতীয় স্তরে এক অনন্য নজির গড়েছেন। তাঁর এই সাফল্যের স্বীকৃতিস্বরূপ তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছ থেকে পুরস্কার লাভ করেছেন।
কারিগরি পরীক্ষায় পল্লবী পেলেন ফুল মার্কস
২০২৪ সালে পল্লবী হাওড়া হোমসের সরকারি আইটিআই (ITI)-তে ‘ড্রাফটসম্যান (মেকানিক্যাল)’ ট্রেডে ভর্তি হন। তারপর সফলভাবে দুই বছর মেয়াদি এই কোর্সটি সম্পন্ন করেন। এ বছরের পরীক্ষায় তিনি ইস্ট জোনের (East Zone) সেরা চার শিক্ষার্থীর মধ্যে জায়গা করে নিয়েছেন। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, হাওড়া হোমসের মোট সাতজন শিক্ষার্থী অল ইন্ডিয়া ট্রেড টেস্ট (AITT)-এর বিভিন্ন ট্রেডে শীর্ষস্থান অর্জন করেছেন। ২১ নভেম্বর লখনউতে আয়োজিত ‘কৌশল দীক্ষান্ত সমারোহ ২০২৬’-এ প্রধানমন্ত্রী স্বয়ং কৃতী শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট ও স্মারক তুলে দেন।
মাধ্যমিক পাস করে কারিগরি শিক্ষার পথে পা রাখা পল্লবী, প্রধানমন্ত্রীর হাত থেকে সরাসরি পুরস্কার পেয়ে এক বিরাট স্বপ্ন পূরণ হলো বলে জানিয়েছেন। পল্লবীর ও তাঁর পরিবার এই সাফল্যের পেছনে শিক্ষকদের অবদানের জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন। বর্তমানে তিনি দাসনগরের এনএসটিআই (NSTI)-তে ক্রাফট ইনস্ট্রাক্টর ট্রেনিং স্কিম বা সিআইটিএস (CITS) কোর্স করছেন। দক্ষতা-ভিত্তিক শিক্ষার ক্ষেত্রে তিনি নিজের পেশাগত ও শিক্ষাগত যাত্রা চালিয়ে যেতে ইচ্ছুক।
আরও পড়ুন: ২০২৩-এ উচ্চমাধ্যমিকে রাজ্যে হয়েছিল চতুর্থ, ২২ বছর বয়সেই ইসরোর বিজ্ঞানী হলেন সত্যজিৎ
পল্লবীর শিক্ষা প্রতিষ্ঠান, হাওড়া হোমসের শিক্ষক বিপ্লব বাগ জানান যে, পল্লবী যখন এখানে ভর্তি হয়েছিলেন, তখন থেকেই তাঁর পড়াশোনার প্রতি গভীর আগ্রহ লক্ষ্য করেন তিনি। পল্লবী শুরু থেকেই অত্যন্ত মনোযোগী ছিলেন। শিক্ষক এবং শিক্ষার্থীদের সম্মিলিত সহযোগিতার ফলেই এই সাফল্য সম্ভব হয়েছে। হাওড়া হোমসের সমস্ত শিক্ষক তাঁর এই সাফল্যে অত্যন্ত গর্বিত।
উল্লেখ্য, ‘ড্রাফটসম্যান (মেকানিক্যাল)’ হলো দুই বছরের একটি বৃত্তিমূলক কারিগরি ট্রেড, যেখানে শিক্ষার্থীরা বিভিন্ন যন্ত্র, যন্ত্রাংশ এবং শিল্প কাঠামোর কারিগরি ডিজাইন ও ড্রয়িং তৈরি করার প্রশিক্ষণ পান। এই কোর্সটি সাধারণত আইটিআই (ITI) পরিকাঠামোর অধীনে ‘ক্রাফটসম্যান ট্রেনিং স্কিম’ (CTS)-এর আওতায় পড়ানো হয়।


