সহেলি মিত্র, কলকাতা: ডিসেম্বর তো প্রায় এসেই গেল। আর এই সময়ে অন্তত ভ্রমণপিপাসুদের ঘরে পা টেকা দায় হয়ে পড়ে। কোথাও একটাই না ঘুরতে গেলে ঠিক ভালো লাগে না। কেউ চান একই জায়গায় বারবার ঘুরতে যেতে তো আবার কেউ চান অচেনা একদম অফবিট জায়গায় ঘুরতে যেতে। কিন্তু বর্তমানে কি আদৌ কোনও জায়গা আর অফবিট আছে? উত্তর হল হ্যাঁ। আজকের এই প্রতিবেদনে তেমনই একটি জায়গা নিয়ে আলোচনা হবে যেটা কলকাতা থেকে খুবই কাছের, অথচ জায়গাটি সম্পর্কে খুব কম মানুষই হয়তো জানেন। আজ কথা হবে মাছকান্দা ফলস (Machkanda Falls) নিয়ে।
পুরুলিয়ার জঙ্গলের গভীরে লুকিয়ে সুন্দর জলপ্রপাত!
মাছকান্দা জলপ্রপাত পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার (Offbeat Purulia) বাঘমুন্ডি ব্লকে অবস্থিত একটি সুন্দর অফবিট জলপ্রপাত। অযোধ্যা পাহাড় এবং সংরক্ষিত ঘন জঙ্গলের গভীরে এটি লুকিয়ে রয়েছে। এই জলপ্রপাতটির উৎপত্তি বিখ্যাত খয়রাবেরা বাঁধের (Khairabera Dam) ওপরের অংশে। সবথেকে বড় কথা, পুরুলিয়ার অন্যান্য পরিচিত জলপ্রপাত যেমন বামনী বা টুর্গার মতো এখানে অতিরিক্ত পর্যটকদের ভিড় থাকে না।
বিশেষ করে এই মাছকান্দায় যাওয়ার রাস্তাটাও বেশ অ্যাডভেঞ্চারে পূর্ণ। এই সুন্দর জলপ্রপাতটিতে যেতে হলে আপনাকে ভালো মতো ট্রেক করতে হবে। এখানে আসতে আপনাকে বেশ কসরত করতেই হবে। এই ঝর্ণার কাছে দুটো পথে যাওয়া যায়। প্রথমটি ধরে গেলে ট্রেক করে একদম ঝর্ণার উপর পর্যন্ত পৌঁছিয়ে যাওয়া যায়। আর দ্বিতীয়টি পাশের পাহাড়ের জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হয়।তবে এখানে একবার এসে পৌঁছালে মনে হবে সব কষ্ট জলে যায়নি। তাই যারা শান্ত পরিবেশে প্রকৃতির কোলে অ্যাডভেঞ্চার পছন্দ করেন, তাদের জন্য এটি একটি আদর্শ জায়গা।
আরও পড়ুন: প্রকৃতির মাঝে হারিয়ে যাবেন, ঘুরে আসুন সিকিমের অফবিট গ্রাম ফামতাম
কীভাবে যাবেন?
মাছকান্দায় যাওয়ার জন্য আগে আপনাকে ট্রেনে করে পুরুলিয়া স্টেশনে আসতে হবে। এরপর সেখান থেকে একটি প্রাইভেট গাড়ি ভাড়া করে নিজের গন্তব্যে পৌঁছে যেতে পারবেন।


