বালতির মধ্যেই করা যাবে কলমি শাকের চাষ, জেনে নিন সহজ পদ্ধতি

Published:

Water Spinach Kalmi Shak

অনন্যা সরকার, কলকাতা: বর্তমানে ভেজাল পণ্য ও রাসায়নিক সারের বাড়বাড়ন্তে হাতের কাছে টাটকা, রাসায়নিক মুক্ত শাকসবজি খুঁজে পাওয়াই দুষ্কর। তবে একটু বুদ্ধি খাটিয়ে কোনো মাটি বা সার ছাড়াই কেবল একটি অব্যবহৃত প্লাস্টিকের বালতি ও ছিদ্রযুক্ত প্লাস্টিকের ঝুড়ি ব্যবহার করে সারা বছর কলমি শাক চাষ (Kalmi Shak / Water Spinach Cultivation) করা সম্ভব। যেহেতু কলমি শাক জলজ উদ্ভিদ, তাই কেবল পরিষ্কার জলেই এটি অত্যন্ত দ্রুত বেড়ে উঠতে পারে। কীভাবে বাড়ির ছাদ বাগান বা উঠানে সামান্য বালতির মধ্যে কলমি শাক চাষ করা যায়, আসুন জেনে নেওয়া যাক। 

বাড়িতে কলমি শাক চাষের পদ্ধতি

হাইড্রোপনিক পদ্ধতিতে বাড়িতে কলমি শাক চাষ করার জন্য প্রয়োজন হবে ১০–১৫ লিটার ধারণক্ষমতার একটি মাঝারি আকারের প্লাস্টিকের বালতি, বালতির মুখের ওপর ভালোভাবে বসানো যায় এমন একটি ছিদ্রযুক্ত প্লাস্টিকের ঝুড়ি, ভালো মানের কলমি শাকের বীজ, পরিষ্কার জল ও বীজ অঙ্কুরোদগমের জন্য একটি পাতলা সুতির কাপড় বা টিস্যু পেপার।

প্রথমে বীজগুলোকে পরিষ্কার জলে ১২ থেকে ২৪ ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে। এরপর জল ঝরিয়ে বীজগুলোকে একটি ভেজা কাপড় বা টিস্যু পেপারে মুড়িয়ে ছায়াযুক্ত স্থানে রেখে দিতে হবে, ১ থেকে ২ দিনের মধ্যেই ছোট সাদা অঙ্কুর বেরিয়ে আসবে। এরপর বালতিটিতে পরিষ্কার জল এমনভাবে ভরতে হবে, যাতে ঝুড়ির তলা জলের উপরিভাগ স্পর্শ করে থাকে। তবে খেয়াল রাখতে হবে যেন পুরো ঝুড়িটি জলের নিচে ডুবে না যায়। ঝুড়ির ভেতর একটি পাতলা সুতির কাপড় বা কিচেন টিস্যু বিছিয়ে অঙ্কুরিত বীজগুলো তার ওপর সমানভাবে ছড়িয়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে যেন বীজগুলো গায়ে গায়ে লেগে না থাকে।

আরও পড়ুন: শীতে ছাদেই ফলান পেঁয়াজ, রইল একদম সহজ পদ্ধতি

বালতিটিকে এমন জায়গায় রাখতে হবে, যেখানে প্রতিদিন অন্তত ৪ থেকে ৫ ঘণ্টা মৃদু সূর্যালোক বা পর্যাপ্ত প্রাকৃতিক আলো পাওয়া যায়, যেমন বারান্দায় বা ছাদের কোনো কোণায়। প্রথম ২ থেকে ৩ দিন ঝুড়িটিকে একটি পাতলা কাগজ বা ঢাকনা দিয়ে ঢেকে রাখলে আর্দ্রতা বজায় থাকে এবং চারাগুলো তাড়াতাড়ি বড় হয়। চারাগুলো ভালোভাবে অঙ্কুরিত হয়ে গেলে ঢাকনাটি সরিয়ে ফেলতে হবে।

কলমি শাক মূলত জলজ উদ্ভিদ এবং এটি খুব দ্রুত বৃদ্ধি পায়। প্রথম ৩ থেকে ৪ সপ্তাহ চারাগুলো বীজের ভেতরে থাকা পুষ্টি উপাদান এবং জলে প্রাকৃতিকভাবে দ্রবীভূত খনিজ উপাদান গ্রহণ করেই বড় হয়ে ওঠে। তাই প্রথমবার ফসল তোলার আগে পর্যন্ত কোনো বাড়তি সারের প্রয়োজন হয় না। গাছ বড় হওয়ার সাথে সাথে এর শিকড়গুলো নিচের দিকে ছড়িয়ে পড়বে, শিকড়ের নীচের অংশ জলের ডুবে থাকলেও খেয়াল রাখবেন যেন গাছের কাণ্ড বা পাতা জলের সংস্পর্শে না আসে।  

বীজ বপনের ২৫ থেকে ৩০ দিনের মধ্যে কলমি শাক ৬ থেকে ৮ ইঞ্চি লম্বা হয়ে যায়, যা খাওয়ার জন্য উপযুক্ত। তখন কাঁচি দিয়ে শাকগুলো কেটে সংগ্রহ করতে হবে। তবে গোড়ার দিক থেকে ১ থেকে ২ ইঞ্চি অংশ রেখে দিতে হবে। এভাবে কাটলে একই গাছ থেকে আরও ২ থেকে ৩ বার নতুন ডাঁটা গজাবে, যার ফলে পুনরায় শাক সংগ্রহ করা সম্ভব হবে।

google button