অনন্যা সরকার, কলকাতা: জিও (Jio), এয়ারটেল (Airtel) বা ভোডাফোন আইডিয়া (Vodafone Idea /Vi)-র ব্যবহারকারীদের জন্য বিশেষ খবর। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI) মোবাইল কলিং ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনতে চলেছে। এই নতুন নিয়মগুলো ২০২৭ সালের ১লা জানুয়ারি থেকে কার্যকর হবে। এর মূল উদ্দেশ্য হল বড় টেলিকম কোম্পানিগুলোর স্বেচ্ছাচারী কার্যধারা নিয়ন্ত্রণ করা ও ছোট ও নতুন কোম্পানিগুলোকে ব্যবসার করার সুযোগ করে দেওয়া। এর জন্য, ট্রাই ‘ইন্টারকানেকশন’ সংক্রান্ত নতুন নিয়ম (TRAI Interconnection Rules) চালু করতে চলেছে। আসুন এই সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া জল।
টেলিকম সংস্থাগুলির জন্য নয়া নিয়ম চালু
ইন্টারকানেকশন বলতে সেই প্রযুক্তিগত ও বাণিজ্যিক কাঠামোকে বোঝায়, যার মাধ্যমে একটি টেলিকম অপারেটরের নেটওয়ার্ক থেকে অন্য অপারেটরের নেটওয়ার্কে কল পৌঁছানো সম্ভব হয়। উদাহরণস্বরূপ, যদি জিও নম্বর থেকে এয়ারটেল নম্বরে কল করা হয়, তা গন্তব্যে পৌঁছানোর আগে উভয় অপারেটরের নেটওয়ার্কের মধ্যে সংযোগ বা ইন্টারকানেকশন প্রয়োজন হয়। ট্রাই এবার এই সংক্রান্ত চুক্তির নিয়মাবলীতে সংশোধন এনেছে।
ট্রাই-এর জারি করা নতুন নিয়ম অনুযায়ী, কোনো নির্দিষ্ট টেলিকম সার্কেলের মধ্যে যদি কোনো টেলিকম অপারেটরের অ্যাডজাস্টেড গ্রস রেভিনিউ (AGR), গ্রাহক সংখ্যা, নেটওয়ার্ক ট্র্যাফিক বা ভয়েস কল পরিচালনার সক্ষমতা – যেকোনো একটি ক্ষেত্রে ৩০ শতাংশ বা তার বেশি মার্কেট শেয়ার থাকে, তবে সেটিকে সিগনিফিক্যান্ট মার্কেট পাওয়ার (SMP) সম্পন্ন প্রতিষ্ঠান হিসেবে গণ্য করা হবে। প্রতি অর্থবর্ষের শুরুতে এই মূল্যায়ন করা হবে।
আরও পড়ুন: সেট করে রাখা যাবে বার্তা, হোয়াটসঅ্যাপে চালু হল মেসেজ সিডিউল ফিচার
এসএমপি-এর অধীনস্থ প্রতিষ্ঠানগুলোকে তাদের ইন্টারকানেকশন সংক্রান্ত শর্তগুলি অনুমোদনের জন্য ৩০ দিনের মধ্যে ট্রাই-এর কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অনুমোদিত হওয়ার পাওয়ার পর, ১৫ দিনের মধ্যে এই শর্তাবলি সংশ্লিষ্ট টেলিকম সংস্থার ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। এর ফলে ছোট ও নতুন অপারেটররা বড় কোম্পানিগুলোর নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হওয়ার শর্তগুলো সম্পর্কে অবগত হতে পারবে। তবে, টেলিকম সংস্থাগুলো পারস্পরিক সম্মতির ভিত্তিতে এই শর্তাবলীতে পরিবর্তনও আনতে পারবে।
তবে, নিয়ম না মানলে জরিমানা করা হবে বলে সাফ জানিয়েছে ট্রাই। সময়মতো তথ্য প্রদান না করা, শর্ত গোপন রাখা বা প্রয়োজনীয় পরিবর্তন কার্যকর করতে ব্যর্থ হওয়ার মতো ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নিয়ম না মানার সময়কালের ওপর ভিত্তি করে জরিমানার পরিমাণ নির্ধারণ করা হবে।
উল্লেখ্য, ট্রাই কল-রাউটিং ব্যবস্থা থেকে সরে এসে আধুনিক ইন্টারনেট প্রোটোকল (IP)-ভিত্তিক নেটওয়ার্ক ব্যবস্থায় উন্নীত হয়েছে। এর ফলে বিভিন্ন অপারেটরের মধ্যে কল সংযোগের মান উন্নত হবে ও প্রযুক্তিগত ত্রুটি কমবে বলে আশা করা যায়। এছাড়া, বাজারে নতুন টেলিকম অপারেটর আসলে এবং প্রতিযোগিতা বাড়লে আখেরে লাভ হবে গ্রাহকদেরই। তবে, নতুন নিয়মের আওতায় মোবাইল রিচার্জ সস্তা করা বা কল ড্রপ সমস্যার পুরোপুরি সমাধানের বিষয়ে ট্রাই কোনো পরিকল্পনার কথা এখনও প্রকাশ করেনি।


