সৌভিক মুখার্জী, কলকাতা: আপাতত বিরোধী দলনেতা থাকছেন না ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee)। আগামী ১০ দিনের মধ্যেই স্পিকার রথীন্দ্র বসুকে সিদ্ধান্ত নিতে হবে যে কে এই পদে বসবেন। আর এই ১০ দিন অপজিশন লিডার ছাড়াই চলবে পশ্চিমবঙ্গ বিধানসভা। শুক্রবার শোভনদেব চট্টোপাধ্যায়ের করা মামলা খারিজ করে এমনই জানিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাও। রাজ্যের উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী বিরোধী দলনেতা শূন্য এখন বিধানসভা। তবে ঠিক কী কারণে ঋতব্রতর পদ খারিজ করল হাইকোর্ট?
কেন ঋতব্রতর পদ খারিজ করল উচ্চ আদালত?
২৬-র বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবির পর দুই ভাগে বিভক্ত হয়েছে দল। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নতুন তৃণমূল সংখ্যাগরিষ্ঠতার নিরিখে বিরোধী দলের তকমা পায় এবং সেই দলের নেতা ঋতব্রতকে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দেন স্পিকার রথীন্দ্র বসু। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে কয়েকজন বিধায়ক পড়ে থাকেন কালীঘাট শিবিরে। তবে ঋতব্রতদের পদ খারিজের দাবিতে কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মমতা তৃণমূলের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। এদিন তাঁর আবেদন খারিজ করেই এই সিদ্ধান্ত নিয়েছে হাইকোর্ট।
কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ প্রথমে শোভনদেব চট্টোপাধ্যায়ের আবেদনে সাড়া দিয়ে অধ্যক্ষের নির্দেশের উপর কোনও রকম স্থগিতাদেশ দেয়নি। তবে সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন শোভনদেব। গত ১৮ আগস্ট ডিভিশন বেঞ্চ জানিয়েছিল যে আপাতত বিরোধী দলনেতা হিসেবে কাজ চালাবেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সম্ভব হলে দুই মাসের মধ্যেই বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ মামলা নিষ্পত্তি করবে। ১৮ অক্টোবরের মধ্যে রায় দেওয়ার কথা ছিল হাইকোর্টের। তবে পুজোর ছুটি পড়ে যাওয়ায় অবশেষে গতকাল এই সিদ্ধান্ত নিয়েছে কৃষ্ণা রাওয়ের বেঞ্চ।
আরও পড়ুন: বিয়ের মরশুমে ফের বদলে গেল সোনা, রুপোর দাম! আজকের রেট
তবে এই সিদ্ধান্তের পিছনে বিচারপতির বেশ কিছু পর্যবেক্ষণ রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল—
- বিরোধী দলনেতা নিয়োগের ক্ষেত্রে স্পিকার নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেননি। স্পিকার যখন ৫৮ জন বিধায়কের বক্তব্য শোনার সুযোগ দিয়েছিলেন, তখন শোভনদেব চট্টোপাধ্যায়ের বক্তব্য জানানোর সুযোগ দেওয়া উচিত ছিল।
- ঋতব্রতসহ ২ বিধায়ককে তৃণমূলের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করলেও স্পিকার তাঁকেই বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দিয়েছিল। গত ৯ মে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা নিয়োগের বিষয়ে স্পিকারকে চিঠি দিলেও তিনি কোনও সিদ্ধান্তের কথা জানাননি।
- ৫৮ জন বিধায়ক আলাদা করে আবেদন করলে সেখানে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে কোনও সিদ্ধান্ত নেওয়া যায় না। পাশাপাশি রাজনৈতিক দল এবং পরিষদীয় দলকেও এক করে দেখা যায় না।
- সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রশ্ন থাকলে শুধুমাত্র ৫৮ জন বিধায়কের বক্তব্য শুনলে চলবে না। তৃণমূলের ৮০ জন বিধায়ককে ডেকেই তাঁদের বক্তব্য শোনা উচিত ছিল।


