সহেলি মিত্র, কলকাতাঃ তারকেশ্বর-বিষ্ণুপুর রেল লাইন (Tarakeswar Bishnupur Rail Project) প্রকল্পে বড় আপডেট সামনে এল। এমন এক তথ্য সামনে এসেছে যা খুশি করে দেবে সকলকে। বিশেষ করে আপনিও যদি এই দুই জায়গার মধ্যে রেল পরিষেবা শুরু হওয়া নিয়ে দীর্ঘ অপেক্ষা করে থাকেন। একটি গুরুত্বপূর্ণ কাজ শেষ করল রেল। সূত্রের খবর, সবথেকে বেশি সমস্যা করা ভাবাদিঘিতে রেলের তরফে তারকেশ্বর-বিষ্ণুপুর রেলপথের সেতুর (Bhabadighi Bridge) উপরের কাঠামো বা ডেক স্ল্যাব নির্মাণের কাজ সম্পূর্ণ করা হয়েছে। তাহলে কি শীঘ্রই ছুটবে ট্রেন?
তারকেশ্বর-বিষ্ণুপুর রেল লাইন প্রকল্পে গুরুত্বপূর্ণ কাজ শেষ করল রেল
ব্রিজ ঢালাইয়ের কাজ শেষ হওয়ার জেরে সকলের মধ্যে খুশির হাওয়া বইছে। এই সেই ভাবাদিঘি গ্রাম, যেখানে প্রায় এক দশক ধরে তারকেশ্বর–বিষ্ণুপুর রেলপ্রকল্পের কাজ মুখ থুবড়ে থেমে ছিল। তবে কিছু মাস আগেই সাধারণ মানুষের ঐক্যবদ্ধ দাবির ভিত্তিতে ‘কামারপুকুর রেল চাই’ পক্ষের করা হাইকোর্টে জনস্বার্থ মামলার পর মহামান্য আদালতের নির্দেশে আবার শুরু হয়েছে আমাদের বহু প্রতীক্ষিত রেলপ্রকল্পের কাজ। এদিকে পূর্ব রেলের সংশ্লিষ্ট কাজের দায়িত্বপ্রাপ্ত বাস্তুকার ইন্দ্রজিৎ হাজারী বড় তথ্য দিয়েছেন। তিনি জানিয়েছেন, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১০ ডিসেম্বরের মধ্যে সেতুর কাজ সম্পূর্ণ করে রেললাইনে স্লিপার পাতার কাজ শেষ করা হবে।
নজরে ১০ ডিসেম্বর
আগামী ১০ ডিসেম্বরের মধ্যে সেতুর কাজ সম্পূর্ণ করে রেললাইনে স্লিপার পাতার কাজ শুরু বা শেষ হয় কিনা সেদিকে নজর থাকবে সকলের। উল্লেখ্য, চলতি বছরের গত ২১ আগস্ট তারকেশ্বর-বিষ্ণুপুর রেলপথের কাজ কতটা হয়েছে সেটা খতিয়ে দেখতে আসেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার গীতিকা পাণ্ডে। তাঁর সঙ্গে ছিলেন আরও অন্যান্য রেলের শীর্ষকর্তারা। তাঁরা কাজের গতি বাড়ানোর নির্দেশ দিয়েছিলেন। সেইসময়ে জেনারেল ম্যানেজার জানিয়েছিলেন, বিষ্ণুপুর পর্যন্ত রেলপথ নির্মাণ দ্রুত শেষ করাই লক্ষ্য। কাজের গুণগতমান বজায় রেখে আগামী ডিসেম্বর মাসের মধ্যে রেলপথের কাজ শেষ করতে হবে।
অন্যদিকে সম্পূর্ণ তৈরি হয়ে গেছে কামারপুকুর রেল, এখন সেখানে শুধুমাত্র ট্রেন আসার অপেক্ষা। কবে যে এই অপেক্ষা শেষ হবে, প্রশ্ন তুলছেন স্থানীয়রা। দাবি করা হচ্ছে, ভাবাদিঘি রেলব্রিজ সম্পূর্ণ হলেই অবশেষে কামারপুকুর-গোঘাট রেলপথেও ট্রেন ছুটবে। তারকেশ্বর থেকে বিষ্ণুপুর থেকে রেল পরিষেবা শুরু হোক, এই দাবি দীর্ঘ দিনের। একাধিক সমস্যার কারণে অনেক দিন কাজ আটকে ছিল। তারপর নতুন উদ্যম নিয়ে শুরু হয় কাজ। রাজ্যের একাধিক জায়গায় জমি জট সহ একাধিক কারণে আটকে থাকে বিভিন্ন প্রকল্প।


