বিক্রম ব্যানার্জী, কলকাতা: নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে (India Vs New Zealand) সেঞ্চুরি করলেও দ্বিতীয় টেস্টে 23 রানের বেশি তুলতে পারলেন না ঋষভ পন্থ (Rishabh Pant)। এদিন 39 বল খেলে সীমিত রান নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে এই ভারতীয় ক্রিকেটারকে। তবে নিজের এই ইনিংসে একটি ছক্কা হাঁকান তিনি। আর সেই সূত্র ধরেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসে এক অনন্য নজির গড়েছেন পন্থ। ভেঙে দিয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন টেস্ট অধিনায়ক বেন স্টোকসের রেকর্ড। বর্তমানে ছক্কার নিরিখে পন্থের ধারে কাছে নেই কেউ।
নতুন ইতিহাস লিখলেন পন্থ
বিশ্ব টেষ্ট চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক বেন স্টোকস 68টি ম্যাচ খেলে 88টি ছয় মেরেছিলেন। এই রেকর্ড ভাঙতে ভারতীয় তারকা ঋষভ পন্থকে মাত্র একটি ছয় মারতে হতো। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ব্যাট করতে নেমেই ছক্কা হাঁকিয়ে সেই কাজ সম্পূর্ণ করলেন তিনি। এই মুহূর্তে WTC-তে 44 ম্যাচে অংশ নিয়ে 89টি ছয় মেরেছেন ভারতীয় তারকা পন্থ। কাজেই, এই মুহূর্তে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসে সর্বাধিক ছয় হাঁকানো খেলোয়াড় তিনি।
বলে রাখা প্রয়োজন, স্টোকস যেহেতু ইতিমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ফলে আর কোনও নতুন নজির গড়তে পারবেন না তিনি। এদিকে পন্থ এবং প্রাক্তন ইংলিশ ক্রিকেটারের পরেই WTC তে সবচেয়ে বেশি ছয় মারার নজির রয়েছে রোহিত শর্মার। তিনি 56টি ছক্কা হাঁকিয়েছেন। তবে রোহিতও টেস্ট থেকে অবসর নেওয়ায় তাঁর হাতেও আর এই সংখ্যা বাড়ানোর সুযোগ নেই।
আরও পড়ুন: ছেড়ে দিয়েছে KKR, নিউজিল্যান্ডের ৫ উইকেট তুলে জাত চেনালেন আকাশদীপ
এদিকে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে 48টি ছয় মেরে রোহিত শর্মার পরেই রয়েছেন শুভমন গিল। এছাড়াও তালিকার পাঁচ নম্বরে রয়েছেন তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল। তাঁর ছয়ের সংখ্যা 45। কাজেই এই মুহূর্তে ঋষভের ধারে কাছে নেই কেউ। ক্রিকেট বিশেষজ্ঞদের অনেকেই বলছেন, ভবিষ্যতে ভারতীয় তারকার এই রেকর্ড ভেঙে ফেলা খুব একটা সহজ হবে না। এই রেকর্ড ভাঙবে সেই সম্ভাবনাও দেখছেন না তাঁরা।


