রাতারাতি শুকিয়ে গেল আর্জেন্টিনার বিশাল সমুদ্র? জানুন ভাইরাল ভিডিওর আসল সত্যি

Published:

coast of Argentina

আনিষা চৌধুরী, কলকাতা: সমুদ্রের মতো এমন দৈত্যাকার জলাশয় থেকে রাতারাতি উবে গিয়েছে সমস্ত জল। শুনতে অবিশ্বাস্য লাগলেও, ঠিক এমনটাই ঘটেছে আর্জেন্টিনার (Argentina) মার দেল প্লাতা উপকূলে। এমন দৃশ্য চোখের সামনে দেখলে সেটা বিশ্বাস করা কঠিন বইকি। যেখানে থাকার কথা বিশাল সমুদ্র, সেখানে দেখা গেল বিস্তীর্ণ এলাকা জুড়ে কেবল ভেজা বালি আর কাদামাটি। কোথায় গেল সমুদ্রের এত জল? রাতারাতি কি সত্যিই গায়েব হয়ে গেল সমুদ্র? নাকি এর পিছনে লুকিয়ে রয়েছে ভয়ঙ্কর কোনও প্রাকৃতিক বিপর্যয়ের ইঙ্গিত? সোশ্যাল মিডিয়ায় এমনই নানা প্রশ্ন ঘুরতে শুরু করেছিল। মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সমুদ্রের জল উধাও হয়ে যাওয়ার ছবি ও ভিডিও।

কোথায় গেল সমুদ্রের রাশি রাশি জল?

জল উবে যাওয়ার বাস্তব কারণটা ভাইরাল ভিডিওর চেয়ে অনেকটাই আলাদা। সমুদ্র চিরতরে গায়েব হয়ে যায়নি, বরং সাময়িকভাবে জল সরে গিয়েছে। এটি একটি প্রাকৃতিক ঘটনা। আর্জেন্টিনার উপকূলবর্তী এলাকায় জোয়ার-ভাটার স্বাভাবিক পরিবর্তনের সঙ্গে তীব্র বাতাস ও বায়ুমণ্ডলীয় পরিস্থিতির প্রভাব, এই সবকিছু মিলিয়ে সমুদ্রের জল কিছুটা পিছিয়ে যেতে পারে। বিশেষ করে বাতাস যদি অনেকক্ষণ ধরে সমুদ্রের জলকে উপকূল থেকে দূরের দিকে ঠেলে দেয়, তাহলে স্থানীয়ভাবে জলস্তর স্বাভাবিকের তুলনায় অনেকটাই কমে যেতে পারে। ফলে সমুদ্রের তলদেশের এমন কিছু অংশও দৃশ্যমান হয়ে ওঠে, যা সাধারণত জলের নিচেই থাকে।

এই ধরনের ঘটনাকে অনেক সময় ‘অস্বাভাবিক জলোচ্ছ্বাস’ বা অন্য কোনও ভয়ঙ্কর ঘটনার সঙ্গে মিলিয়ে দেখা হয়। কিন্তু শুধুমাত্র সমুদ্রের জল পিছিয়ে যাওয়া মানেই সুনামি আসছে, এমনটা বলা যায় না। সুনামির ক্ষেত্রে সাধারণত সমুদ্রের তলায় শক্তিশালী ভূমিকম্প, ভূমিধস বা আগ্নেয়গিরির মতো বড় ভূতাত্ত্বিক ঘটনা জড়িত থাকে। আর এমন কোন প্রাকৃতিক দুর্যোগ ঘটার সম্ভাবনা থাকলে তা আগের থেকেই বিভিন্ন সরকারি দপ্তর মারফত জানিয়ে দেওয়া হয়। তাই কোনও নির্দিষ্ট বৈজ্ঞানিক সতর্কতা ছাড়া এমন দৃশ্য দেখেই আতঙ্কিত হওয়ার কারণ নেই।

আরও একটি বিষয় মনে রাখা জরুরি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া সব ভিডিও যে একই ঘটনার, এমনও নয়। ভাইরাল কিছু ছবির সঙ্গে অন্য দেশ বা অন্য সময়ের ভিডিও জুড়ে দেওয়ার ঘটনাও দেখা যায়। ফলে কোনও আশ্চর্যজনক এবং অবিশ্বাস্য ভিডিও দেখেই সেটিকে আর্জেন্টিনার সাম্প্রতিক ঘটনার ছবি বলে ধরে নেওয়া ঠিক নয়।

আরও পড়ুন: উত্তরবঙ্গ ভ্রমণ হবে আরও আরামদায়ক, শুরু হল কলকাতা-লাটাগুড়ি বাস পরিষেবা

অর্থাৎ, আর্জেন্টিনার উপকূলে সমুদ্র ‘চিরতরে হারিয়ে যায়নি’। প্রকৃতির নিয়মেই জোয়ার-ভাটা, বাতাস এবং বায়ুমণ্ডলীয় পরিস্থিতির প্রভাবে সাময়িকভাবে জল অনেকটা পিছিয়ে যেতে পারে। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে সমুদ্রের জলও আবার নিজের জায়গায় ফিরে আসে। ভয় পাওয়ার মতো কোন কারণ এখানে নেই, বরং এটিকে প্রকৃতির স্বাভাবিক শক্তিরই এক “আশ্চর্য সৃষ্টি” বলা যেতে পারে।