উত্তরবঙ্গ ভ্রমণ হবে আরও আরামদায়ক, শুরু হল কলকাতা-লাটাগুড়ি বাস পরিষেবা

Published:

Kolkata Lataguri Bus

অনন্যা সরকার, জলপাইগুড়ি: নতুন সরকার দায়িত্বে আসার পর সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নতি নিয়ে তৎপরতা দেখা যাচ্ছে। সরকারি উদ্যোগে সড়কপথে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ যাওয়ার জন্য একাধিক বাস পরিষেবা চালু হচ্ছে। যেমন সম্প্রতি কলকাতা থেকে সরাসরি জলপাইগুড়ির লাটাগুড়ি যাওয়ার বাস পরিষেবা (Kolkata Lataguri Bus) চালু হয়েছে। তাই পর্যটকদের আর শুধু ট্রেনের ওপর নির্ভর করতে হবে না। রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ শনিবার লাটাগুড়িতে দুটি নতুন বেসরকারি ভলভো বাসের উদ্বোধন করেছেন। উত্তরবঙ্গ ভ্রমণে যাওয়া পর্যটকরা এই বাসগুলি থেকে বিশেষভাবে উপকৃত হবেন।

চালু হল কলকাতা লাটাগুড়ি বাস পরিষেবা

পশ্চিমবঙ্গের পর্যটন বিভাগ এবং বেঙ্গল হোটেলিয়ার্স ফেডারেশনের উদ্যোগে লাটাগুড়িতে শনিবার বিশ্ব পর্যটন দিবস পালিত হয়। এই অনুষ্ঠানে মন্ত্রী শঙ্কর ঘোষের পাশাপাশি জলপাইগুড়ি জেলার বিজেপি সাংসদ জয়ন্ত রায়, মালের মহকুমাশাসক উৎকর্ষ খান্ডাল, মালের বিধায়ক শুক্র মুন্ডা, ক্রান্তির বিডিও রিমিল সোরেন, বিজেপি নেতা বাপি গোস্বামী সহ একাধিক হোটেল মালিক উপস্থিত ছিলেন। এদিন মন্ত্রীর উদ্বোধন করেন দুটি লাটাগুড়ি থেকে কলকাতাগামী বাস, যা প্রতিদিন আলিপুরদুয়ার থেকে জয়গাঁও, হাসিমারা, চালসা, লাটাগুড়ি, ময়নাগুড়ি এবং শিলিগুড়ি হয়ে কলকাতায় পৌঁছাবে।

পর্যটন মন্ত্রী এদিন আরও পরিবেশবান্ধব ও সুশৃঙ্খল পর্যটন ব্যবস্থা গড়ে তোলার কথাও বলেন। বিশেষত প্রকৃতিকে উপেক্ষা করার পরিণতি কী হতে পারে সম্প্রতি নেপালের হরপা বানে স্পষ্ট হওয়ার পর আরও সতর্ক প্রশাসন। শঙ্কর ঘোষ বলেন, পর্যটন-সম্পর্কিত যেকোনো কার্যক্রমের  পরিচালনা সরকারি নির্দেশিকা মেনেই করতে হবে। এই বিষয়টি মাথায় রেখে সরকারের তরফে ভবিষ্যতের জন্য কাজের একটি পরিকল্পনাও তৈরি করা হয়েছে। পরিবেশগতভাবে সংবেদনশীল অঞ্চলগুলিকে রক্ষার বিষয়টিও স্পষ্ট করা হয়েছে। একটি ‘গ্রিন পলিসি’র খসড়া ইতিমধ্যে তৈরি করে মন্ত্রী পরিষদে জমা দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী। 

আরও পড়ুন: শিক্ষক দিবসেই পড়ুয়াকে উড়ন্ত লাথি বাঁকুড়ার মাস্টারমশাইয়ের! ভাইরাল ভিডিও

শঙ্কর ঘোষ এও জানান যে, দুর্গাপুজোর আগেই পর্যটনকে শিল্পের আওতায় আনার উদ্যোগ শুরু হয়ে গেছে। এতে উত্তরবঙ্গের পর্যটনের সঙ্গে জড়িত সমস্ত ব্যবসায়ীদের লাভ হবে। নতুন সরকার নানা উদ্যোগ নেওয়ায় ছোট-বড় ব্যবসায়ীরা লাভবান হবেন। পর্যটকদের সুবিধার জন্য রাজ্যের ২৩টি জেলায় পর্যটন হেল্পলাইনও চালু করা হয়েছে। 

লাটাগুড়ির এক পর্যটন ব্যবসায়ী জানান, এখানে কিছু অ্যাডভেঞ্চার স্পোর্টস চালু হলে পর্যটকরা আকৃষ্ট হবেন। অন্যান্যরা বলছেন, দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের মধ্যে যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে দুটি বাস চালু হওয়ায়, এখানকার পর্যটন আরও শক্তিশালী হবে। পুজোর মরশুম প্রায় এসেই পড়েছে। তাই এই পুজোয় যদি পর্যটকরা ডুয়ার্স যেতে চান, তাহলে ট্রেনের টিকিট পাওয়া নিয়ে আর দুশ্চিন্তা করতে হবে না। আরামদায়ক ভাবে সরাসরি বাসে করে পৌঁছাতে পারবেন গন্তব্যে।