জামিন পেলেন বাংলাদেশে বন্দী হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস, কবে হবে জেলমুক্তি?

Published:

Chinmoy Krishna Das

সৌভিক মুখার্জী, কলকাতা: ওপার বাংলায় (Bangladesh) বন্দী হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের (Chinmoy Krishna Das) আইনি লড়াইয়ে নয়া মোড়। বৃহস্পতিবার চট্টগ্রাম আদালত একটি মামলায় তাঁকে জামিন দিলেও অন্যান্য একাধিক মামলার জেরে আপাতত তাঁকে কারাগারে থাকতে হবে বলেই খবর। সূত্রের খবর, চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাখাওয়াত হোসেন শুনানির শেষে এই জামিন মঞ্জুর করে দিয়েছে।

কোন মামলায় জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস?

উল্লেখ্য, চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য সংবাদ সংস্থা এএনআই-কে জানিয়েছেন, চট্টগ্রামের হাটহাজারীর মেখল এলাকায় জমি দখল, ভয় দেখানো আর মারধরের অভিযোগে ২০২৩ সালে তাঁর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছিল। প্রাক্তন মন্ত্রী মীর মোহাম্মদ নাসিরুদ্দিনের দায়ের করা সেই মামলাতে এদিন জামিন পেয়েছেন চিন্ময় কৃষ্ণ দাস। আর এই মামলায় মোট ৬ জন অভিযুক্তের মধ্যে তাঁর নাম ছিল।

তবে হ্যাঁ, চিন্ময় কৃষ্ণ দাস এখনও একটি মামলায় জামিন পেলেও তাঁর বিরুদ্ধে অন্তত ছয়টি মামলা বিচারাধীন। সবথেকে গুরুতর হল—আইনজীবী সাইফুল ইসলামকে হত্যাকাণ্ড এবং রাষ্ট্রদ্রোহের মামলা। জানা যায়, ২০২৪ সালের ২৬ নভেম্বর রাষ্ট্রদোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মঞ্জুরকে কেন্দ্র করে আদালত চত্বরে সংঘর্ষ বেঁধেছিল। আর সেই সময় আইনজীবী সাইফুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে খুনের অভিযোগ ওঠে। এমনকি ওই ঘটনায় ৩১ জনের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেছিলেন নিহতের বাবা জামালউদ্দিন।

গত বছরের ১ জুলাই পুলিশ এই হত্যা মামলায় চার্জশিট জমা দিয়েছিল। আর সেখানে দাবী করা হয় যে, চিন্ময় কৃষ্ণ দাসের প্ররোচনা এবং নির্দেশেই ওই আইনজীবীকে খুন করা হয়েছে। আদালত ইতিমধ্যেই ৩৯ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেছে। আর বর্তমানে সাক্ষ্যগ্রহণের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন: মোথাবাড়ি কাণ্ডে এক মামলায় জামিন, তবে এখনই জেলমুক্তি নয় মোফাক্কেরুলের

তবে খুন ছাড়াও চিন্ময় কৃষ্ণ দাসের অনুগামীদের বিরুদ্ধে পুলিশের উপর হামলা থেকে শুরু করে সরকারি কাজে বাধা দান আর ককটেল বিস্ফোরণের মতো একাধিক অভিযোগ রয়েছে। এমনকি বাংলাদেশের জাতীয় পতাকাকে অবমাননা করার অভিযোগে দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহ মামলাটি আন্তর্জাতিক মহলেও বেশ চর্চায়। এ কারণেই বাদবাকি মামলাগুলি বিচারাধীন থাকার জেরে তিনি জেলমুক্ত হতে পারছেন না এখনই।