প্রীতি পোদ্দার, কলকাতা: নির্বাচনের প্রাক্কালে ফের খবরের শিরোনামে এল মালদার মোথাবাড়ি কাণ্ড (Mothabari Incident)। বহু তর্ক বিতর্কের পর অবশেষে একটি মামলায় জামিন পেলেন কালিয়াচক কাণ্ডে ধৃত মিম নেতা মোফাক্কেরুল ইসলাম (Mofakkerul Islam)। কিন্তু বাকি মামলায় আদালত আপাতত তাঁর জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। ফলে জামিন মিললেও এখনই হচ্ছে না জেলমুক্তি। আর সেই তথ্য প্রকাশ্যে আসতেই রাজ্য রাজনীতিতে চরম বিশৃঙ্খলা তৈরি হয়েছে।
জামিন পেলেন মোফাক্কেরুল ইসলাম
সূত্রের খবর, মালদার মোথাবাড়ির ঘটনায় NIA-এর তরফে ১২টি এফআইআর করা হয়েছিল। যার মধ্যে রাজ্য পুলিশের তরফে মোফাক্কেরুল ইসলামের বিরুদ্ধে পাঁচটি মামলা দায়ের করা হয়েছিল। প্রতিটি মামলা ছিল জামিনযোগ্য ধারায়। এবার ওই মামলাটিতে জামিন মঞ্জুর করেছে আদালত। তবে বাকি চারটি মামলায় জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ এখনই জেলমুক্তি হচ্ছে না মোফাক্কেরুলের। এদিকে তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলায় মোফাক্কেরুলের আইনজীবীর অভিযোগ, তাঁর মক্কেলকে ফাঁসানো হয়েছে। তিনি জমায়েত সরিয়ে শান্তি ফেরানোর চেষ্টা করছিলেন। তবে ভাইরাল ভিডিও বলছে অন্য কথা।
মোথাবাড়ির মামলায় অভিযুক্ত মোট ৪৯ জন
সম্প্রতি কালিয়াচক-কাণ্ডে হাইকোর্টের আইনজীবী মোফাক্কেরুল ইসলামের একটি ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছিল যে, উত্তাল ভিড়ের মাঝে গাড়ির ওপর দাঁড়িয়ে SIR এর প্রতিবাদে বক্তৃতা দিচ্ছিলেন তিনি। পুলিশের দাবি ছিল, তাঁর উস্কানিতেই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠেছিল। তাঁকেই ঘটনার মূলচক্রী হিসেবে চিহ্নিত করা হয়েছিল। আর সেই অভিযোগের ভিত্তিতেই বাগডোগরা বিমানবন্দর থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছিল। মোথাবাড়ির মামলায় অভিযুক্ত মোট ৪৯ জন। তাঁদের মধ্যে ১২ জনকে হেফাজতে নিতে আবেদন করেছিল NIA। কিন্তু ১০ জনকে হেফাজতে পেয়েছে এনআইএ।
আরও পড়ুন: তাপপ্রবাহের মধ্যে ২০ এপ্রিল থেকে গরমের ছুটির ঘোষণা, কতদিন চলবে?
জানা গিয়েছে, বাকি অভিযুক্তদের বিচারবিভাগীয় হেফাজতে দেওয়ার আবেদন করা হয়েছিল। তবে আপাতত বাকি ৩৯ জনের আগামী ৩০ এপ্রিল পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ১৮ এপ্রিল আদালতে তোলা হবে অভিযুক্তদের। প্রসঙ্গত, মোফাক্কেরুল ইসলাম পেশায় এক জনপ্রিয় আইনজীবী। আগে জেলা আদালতে প্র্যাকটিস করলেও বর্তমানে কলকাতা হাইকোর্টে তাঁর যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে। এছাড়াও তিনি রাজনীতির ময়দানে বেশ সক্রিয়। মিম দলকে সমর্থক। এখন দেখার এই ঘটনায় তাঁর জেল ভবিষ্যৎ কোন দিকে মোড় নেয়।










