সৌভিক মুখার্জী, কলকাতা: রক্তক্ষয়ী জঙ্গি হামলায় ফের কেঁপে উঠল উত্তর-পশ্চিম পাকিস্তান। হ্যাঁ, খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু এলাকায় এক পুলিশ আউটপোস্ট লক্ষ্য করে চালানো হামলায় (Pakistan Attack) অন্তত ১৪ জন পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর। পুলিশ এবং জঙ্গিদের মধ্যে সংঘর্ষে পরে ওই গোটা এলাকা রণক্ষেত্রে রূপ নেয়।
ভয়াবহ হামলা পাকিস্তানে
পুলিশ আধিকারিক সাজ্জাদ খান জানাচ্ছেন, শনিবার রাতে সন্ত্রাসীরা বিস্ফোরক বোঝাই একটি গাড়ি নিয়ে সজোরে পুলিশ আউটপোস্টে ধাক্কা মেরেছিল। বিস্ফোরণের তীব্রতায় আউটপোস্টটি একেবারে ধ্বংস হয়ে যায়। তারপর জঙ্গিরা সেখানে ঢুকে এলোপাথারি গুলি চালাতে শুরু করে। উদ্ধারকারী দলের দেওয়া তথ্য অনুযায়ী, ঘটনাস্থল থেকে তিনজন পুলিশ কর্মীকে জীবিত অবস্থায় উদ্ধার করে পরে হাসপাতালে ভর্তি করা হয়।
সংবাদ সংস্থা রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, জঙ্গিরা এই হামলায় অত্যাধুনিক ড্রোন ব্যবহার করেছে। এমনকি বিস্ফোরণের খবর পেয়ে যখন অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছাচ্ছিল, তখন আগে থেকেই ওঁত পেতে থাকা জঙ্গিরা তাদের উপর হামলা চালায়। আর এই দ্বিতীয় দফার আক্রমণে আরও হতাহতের সংখ্যা বৃদ্ধি পায়।
তবে নৃশংস এই হামলার দায় স্বীকার করেছে ইত্তেহাদ-উল-মুজাহিদিন নামক একটি জঙ্গি গোষ্ঠী। ঘটনার পর গোটা এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করে দেওয়া হয়েছে এবং স্থানীয় সরকারি হাসপাতালগুলোতে লাল সর্তকতা জারি করা হয়েছে। ঘটনাস্থলের ধ্বংসস্তূপ থেকে পুড়ে যাওয়া গাড়ির কাঠামো ও রক্তক্ষয়ী সংঘর্ষের চিহ্ন উদ্ধার কার্য চলছে।
আরও পড়ুন: ‘আইনি লড়াই থেকে সরছি না’, মিমির বনগাঁ কাণ্ড নিয়ে মুখ খুললেন তরুণজ্যোতি
উল্লেখ্য, এই ধরনের হামলা পাকিস্তান এবং তালিবান শাসিত আফগানিস্তান সীমান্তের পরিস্থিতিকে যে আরও উত্তপ্ত করে তুলছে তা বলার অপেক্ষা রাখে না। চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই জঙ্গি দমনের লক্ষ্যে আফগানিস্তানের অভ্যন্তরে বিমান হামলা চালিয়েছিল পাকিস্তান। আর এই ধরনের হামলা দুই দেশের মধ্যে সম্পর্ককে আরও তলানিতে নিয়ে যাচ্ছে বলেই মত বিশেষজ্ঞদের।










