সৌভিক মুখার্জী, কলকাতা: বিধানসভা নির্বাচনের উত্তাপ মিটেছে বাংলায়। নতুন সরকারও গঠিত হয়েছে। তবে এবার ফের আলোচনায় টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর বনগাঁ কান্ড (Mimi Bongaon Case)। নির্বাচনের ফলপ্রকাশ, রাজ্যের নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণের পরেই সেই মামলা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন বিজেপি নেতা তথা আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি। তিনি সাফ জানিয়েছেন যে, অভিনেত্রীদের বিরুদ্ধে আইনি লড়াই থেকে তাঁরা এক চুলও সরছেন না।
কী বললেন তরুণজ্যোতি তিওয়ারি?
নির্বাচনী ব্যস্ততার কারণে মামলাটি সাময়িকভাবে স্থগিত হয়ে গেলেও আইনজীবী তরুণজ্যোতি স্পষ্ট জানিয়েছে যে, বিষয়টি তাঁরা মাথায় রেখেছেন। তাঁর কথায়, মাঝে ভোট ছিল। দল জিতেছে। নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই শপথ গ্রহণ করেছেন। বিধানসভার প্রাথমিক কাজে ব্যস্ত ছিলাম। সামলে উঠেই আমি এই মামলায় হাত দেবো। আইনতভাবে যা যা করার সবটাই আমি করব।
উল্লেখ্য, এই ঘটনা ঘটেছিল চলতি বছরের জানুয়ারি মাসে বনগাঁর একটি অনুষ্ঠানে মিমির উপস্থিতিকে কেন্দ্র করে। সেখানকার আয়োজক তনয় শাস্ত্রীর সঙ্গে অভিনেত্রীর বিবাদ বাঁধে। তনয়ের অভিযোগ ছিল, মিমির আসার কথা ছিল রাত সাড়ে দশটায়। তবে তিনি পৌঁছন রাত বারোটায়। সেই সময় তনয় শাস্ত্রী মঞ্চে উঠে বিষয়টি ঘোষণা করেন, আর তখন মিমি অপমানিত বোধ করেন, এবং আয়োজকদের বিরুদ্ধে খারাপ আচরণের অভিযোগ তুলেছিলেন।
তবে এই ঘটনার জল অনেক দূর গড়ায়। গত ২ মার্চ বনগাঁ আদালতে মিমির বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেছিলেন তনয় শাস্ত্রী। সেখানে মিথ্যা অভিযোগে সম্মানহানির জন্য ২০ লক্ষ টাকার ক্ষতিপূরণ দাবি করা হয়। এমনকি চুক্তি অনুযায়ী, সময় মতো না এসেও ২ লক্ষ ৬৫ হাজার টাকা পারিশ্রমিক নেওয়ার অভিযোগ ওঠে।
আরও পড়ুন: তৃণমূলের নির্দেশে সিঙ্ঘম অজয় পাল শর্মাকে নিয়ে উস্কানি মন্তব্য! সব ফাঁস করলেন ঋজু দত্ত
তবে নির্বাচনের পর বিজেপি বিধায়ক হিসেবে জয়ী হওয়ার পর এখন বিধানসভার কাজে ব্যস্ত তরুণজ্যোতি। কিন্তু মক্কেলের আইনি লড়াইয়ে তিনি যে অনড় তা স্পষ্ট জানিয়েছেন। তিনি বলেছেন, মাঝে নির্বাচন এবং নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণ নিয়ে একটু ব্যস্ত ছিলাম। তবে অভিনেত্রী নিজের ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষকে হেনস্থা করেছেন। তাঁর অভিযোগ, মিমি নিজেই দেরিতে এসেও অকারণে তনয়ের উপর দোষ চাপিয়েছেন। আর তাঁকে কারাবাসে পর্যন্ত পাঠিয়েছিলেন।










