কয়েকশো কোটির সংস্থা ছেড়ে ভিক্ষা করার সিদ্ধান্ত নিলেন এই ব্যবসায়ী, থাকবেন জঙ্গলে

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: মাথার ঘাম পায়ে ফেলে, একটু একটু করে টাকা গুছিয়ে নিজের ব্যবসা (Business) দাঁড় করাতে হয়। সেই পরিশ্রমটা বোঝেন জিরো থেকে হিরো হয়ে ওঠা ব্যবসায়ীরা। বিশেষ করে বর্তমান প্রতিযোগিতার যুগে নিজের ব্যবসা টিকিয়ে রাখা যে কতটা কঠিন, এ কথা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। ঠিক সেই পরিস্থিতিতে, নিজের কয়েক দশক পুরনো জনপ্রিয় আইসক্রিম ব্র্যান্ড 472 কোটি টাকায় বিক্রি করে সন্ন্যাস নেওয়ার সিদ্ধান্ত নিলেন এক ব্যবসায়ী (Crorepati Businessman)। বিষয়টা হঠাৎ মাথার উপর দিয়ে গেলেও থাইল্যান্ডের ব্যবসায়ী সিরিপং আক্কারাসরিউক সত্যিই নিজের ব্যবসা ছেড়ে বনবাস করার সিদ্ধান্ত নিয়েছেন।

প্রতিষ্ঠিত ব্যবসা ছেড়ে ভিক্ষা করার সিদ্ধান্ত

খোঁজ নিয়ে জানা গেল, থাইল্যান্ডের ওই ব্যবসায়ী জঙ্গলে একেবারে নির্জনে ধ্যান করার লক্ষ্যেই নিজের জনপ্রিয় আইসক্রিমের ব্যবসা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। বলে রাখা প্রয়োজন, ওই ব্যবসায়ীর আইসক্রিম ব্রান্ডের নাম হাওয়েলস। আর সেই সংস্থাটাই এবার পুরোপুরি বিক্রি হয়ে যাওয়ার পথে। বর্তমানে কোম্পানির চেয়ারম্যান পদে রয়েছেন সিরিপং।

থাইল্যান্ডের ওই ব্যবসায়ী সিদ্ধান্ত নিয়েছেন তিনি তাঁর জনপ্রিয় আইসক্রিম ব্র্যান্ড বা সংস্থাটিকে 165 মিলিয়ন থাই ভাট অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় 472 কোটি টাকায় বিক্রি করে দেবেন। সেই সূত্রেই, তিনি এমন একজন ক্রেতা খুঁজছেন যিনি ভবিষ্যতে তাঁর মতো করেই তাঁর সংস্থাটিকে আগলে রাখতে পারবে। ওই ব্যবসায়ী জানিয়েছেন, তিনি নিজের কোম্পানি বিক্রি করে দিয়ে বৌদ্ধ ধর্মে পুরো বিলীন হয়ে যাবেন।

 

আরও পড়ুন: রোহিত সহ একাধিক ক্রিকেটারকে দু’বছরের জন্য ব্যান করল BCCI

জানা যাচ্ছে, থাইল্যান্ডের ব্যবসায়ী সিরপিং নিজের প্রচুর প্রতিপত্তি ছেড়ে দিয়ে আগামী দুবছর ভিক্ষাবৃত্তি করবেন। শুধু তাই নয়, নিজের দেশেই গভীর জঙ্গলের ভেতরে একটি জায়গা খুঁজে সেখানেই আগামী দিনে ধ্যান করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। থাইল্যান্ডের বেশ কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, গত 15 বছর ধরে বিভিন্ন সময়ে জনসমক্ষে বৌদ্ধ ধর্ম প্রচার করেছেন তিনি। বৌদ্ধ ধর্ম নিয়ে নানান মতামত রেখেছেন এই থাই ব্যবসায়ী।

এখানেই শেষ নয়,  2016 সালে ‘সাকসেস ডিরাইভড ফ্রম দ্য বুদ্ধ’ নামক একটি বইও লিখে ফেলেন সিরপিং। নিজের সংস্থা বিক্রি করে দেওয়ার কথা জানানোর সাথে সাথে থাইল্যান্ডের ব্যবসায়ী খুব পরিষ্কারভাবে জানিয়েছেন, তিনি আগামী দুবছর রাস্তায় ভিক্ষা করবেন এবং জঙ্গলে বসবাস করবেন। সেখানে তাঁর খাবার নিয়ে আসা থেকে শুরু করে যাবতীয় সেবা করার জন্য শিষ্য হিসেবে থাকবেন শুধুমাত্র একজন সন্ন্যাসী।