অনন্যা সরকার, কলকাতা: ঘরের দেয়ালে অনেকেই এই পোকাটিকে দেখে থাকবেন। এর শরীরটা একটা মাকু আকৃতিক খোলসের মধ্যে লুকানো থাকে, শুধু বাইরের দিকে বেরিয়ে থাকে মাথার সামান্য অংশ। এটি হল প্লাস্টার ব্যাগওয়ার্ম (Plaster Bagworm), যাকে ওয়াল ওয়ার্ম বা শেল ওয়ার্মও বলা হয়। এই পোকাগুলো শুধু দেয়ালের সৌন্দর্যই নষ্ট করে না, বরং তাড়াতাড়ি না সরালে এরা দ্রুত বংশবৃদ্ধিও করতে পারে। এই পোকাগুলো প্রায়শই স্যাঁতসেঁতে, নোংরা ও আবদ্ধ জায়গায় বংশবৃদ্ধি করে। কীভাবে এগুলোকে তাড়াবেন, তাই নিয়ে অনেকেই চিন্তায় থাকেন। তবে, এই প্লাস্টার ওয়ার্মগুলো অপসারণ করার সহজ পদ্ধতি রয়েছে। চলুন এগুলি জেনে নেওয়া যাক।
প্লাস্টার ব্যাগওয়ার্ম কী?
প্লাস্টার ব্যাগওয়ার্ম হলো মথের লার্ভা যা প্রায়শই দেয়াল, ঘরের কোণা ও স্যাঁতসেঁতে জায়গায় দেখা যায়। এগুলো হাউসহোল্ড ব্যাগওয়ার্ম বা কেসবেয়ারার নামেও পরিচিত। তবে, এই পোকাগুলো মানুষের জন্য ক্ষতিকর নয়। এরা কামড়ায় না, হুল ফোটায় না কিংবা কোনো রোগও ছড়ায় না। তবে, এরা বাড়ির জিনিসপত্রের ক্ষতি করতে পারে। দেয়ালে আটকে থাকা এদের ছোট ছোট খোলসগুলো বাড়ির সৌন্দর্যও নষ্ট করতে পারে। তাই আপনিও যদি এই পোকাগুলো বাড়ি থেকে সরাতে চান, তাহলে নিবন্ধে দেওয়া পদ্ধতি গুলো অনুসরণ করুন।
ঘরের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখুন
বাড়ির প্রতিটি জায়গা ভালোভাবে পরিষ্কার করুন। দেয়ালের কোণা, কার্পেটের নীচের অংশ, ছাদ ও মেঝের কোণাগুলো ঝাঁট দিন বা ভ্যাকুয়াম করুন, কারণ প্লাস্টার ব্যাগওয়ার্ম প্রায়শই এইসমস্ত জায়গাগুলিতে লুকিয়ে থাকে। ভ্যাকুয়াম করার পরে, সমস্ত ধুলো ও ময়লা দূর করতে একটি পরিষ্কার কাপড় দিয়ে আসবাবপত্র, তাকগুলো মুছে ফেলতে হবে।
আরও পড়ুন: যেন এক টুকরো ইউরোপের কোনও গ্রাম, পুজোর ছুটিতে ঘুরে আসুন কালিয়ামালি
যদি আপনার বাড়ির দেয়ালে প্লাস্টার ব্যাগওয়ার্মের তৈরি ছোট ছোট খোলস দেখতে পান, তাহলে সাবধানে সেগুলি সরিয়ে ফেলুন। এর জন্য ভ্যাকুয়াম ক্লিনার বা লিন্ট রোলার ব্যবহার করতে পারেন। এগুলো সরানোর পরে, একটি প্লাস্টিকের ব্যাগে পুরে শক্তভাবে ব্যাগের মুখ বন্ধ করে দিন। পুনরায় ছড়িয়ে পড়া রোধ করতে ব্যাগটিকে বাড়ি থেকে দূরে ফেলে দিন।
উল্লেখ্য, এই পোকাগুলোকে দূরে রাখতে সিট্রোনেলা বা ইউক্যালিপটাসের তেল কিংবা নিম তেলের মতো প্রাকৃতিক উপাদান ব্যবহার করা যায়। রাসায়নিক প্রতিকারের চেয়ে এই প্রতিকারগুল ত্বক ও স্বাস্থ্যের জন্য কম ক্ষতিকর। বাড়িতে যদি শিশু বা পোষা প্রাণী থাকে, তবে প্লাস্টার ব্যাগওয়ার্ম থেকে মুক্তি পেতে এই ঘরোয়া প্রতিকারগুলো প্রয়োগ করে দেখতে পারেন।










